২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপির অপব্যবহার রোধে শাস্তি বাড়ানোর প্রস্তাব

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে শুল্কমুক্ত পোশাক রপ্তানিতে বিশেষ সুবিধা (জিএসপি) অপব্যবহার রোধে সরকার শাস্তি বা জরিমানার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষিয়টি নিশ্চিত করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস-চেয়ারম্যান শাহাবুদ্দিন মুহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, আমরা জিএসপি সুবিধা অপব্যবহার রোধে বর্তমানে শাস্তির পরিমাণ ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকায় বৃদ্ধির সুপারিশ করেছি।

প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য বর্তমানে বাণিজ্য মন্ত্রাণালয়ে আছে বলে সূত্র জানায়।

ইপিবি কর্মকর্তারা জানান, তারা মাঝে মাঝেই ইইউ ও স্থানীয় গণমাধ্যমগুলোর কাছ থেকে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশেষ সুবিধা (জিএসপি) অপব্যবহারের অভিযোগ পেয়ে থাকেন। বিদ্যমান নীতিমালা ও আইন অনুযায়ী ইপিবি সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করতে পারে।

আমদানিকারক ও রপ্তানিকারক উভয়কেই এর অপব্যবহার থেকে নিরুৎসাহিত করতে বিদ্যমান আইন যথেষ্ট নয় বলে ইপিবি কর্মকর্তারা মত প্রকাশ করেন।

ইপিবি গত বছর এইচকেডি (হাইটেক) লিমিটেড ও এইচকেডি ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেডের বিরুদ্ধে জিএসপি অপব্যবহারের অভিযোগ নিয়ে একটি তদন্ত চালায়। ইপিবির তৎকালীন মহাপরিচালক রাজিয়া বেগম পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটির প্রধান ছিলেন।

এই দুটি কোম্পানি অবৈধভাবে জিএসপি সুবিধা নিয়েছে বলে তদন্ত কমিটি তাদের অনুসন্ধানে জানতে পারে। এছাড়া তারা সাতটি জিএসপি সনদ জাল করে বলেও তদন্তে জানা যায়।

শাহাবুদ্দিন মুহাম্মদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই দুটি কোম্পানী জিএসপি সুবিধা অপব্যবহার করেছিল এবং আমরা তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছিলাম।

ওই কোম্পানিগুলোকে অন্য উপায়েও শাস্তি দেওয়া হয়েছিল, তবে তিনি সেগুলো জানাতে পারেনি।

তিনি জিএসপির অপব্যবহারের সাথে ইপিবি কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, আমদানিকারক ও শুল্ক কর্তৃপক্ষসহ নয় থেকে ১০টি প্রতিষ্ঠানের তথ্য-প্রমাণের ভিত্তিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো মূল্যায়ন সনদ দিয়ে থাকে।

তিনি আরও বলেন, আমদানিকারকদের সংশ্লিষ্টতা ছাড়া এই সুবিধা অপব্যবহার সম্ভব নয় বলে আমার বিশ্বাস।

এসব ঘটনায় জড়িত আমদানিকারকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টি ইইউ নিশ্চিত করেছে বলে তিনি জানান।

তবে জিএসপি সুবিধা অপব্যবহারের প্রবণতা কমে আসছে বলেও তিনি জানান।