এফটিএ আলোচনার ব্যাপারে বিমসটেক ব্যবসায়ীরা হতাশ
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ব্যবসায়ীদের সংগঠন বিমসটেক বাণিজ্য ফোরাম অবাধ বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার ব্যাপারে হতাশা ব্যক্ত করেছে।
ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) উপদেষ্টা বিনোদ গুপ্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত সপ্তাহে অনুষ্ঠিত ফোরামের পঞ্চম বৈঠকের পর বলেন, ‘এফটিএ আলোচনা আশা দিয়ে শুরু হলেও শিগগিরই তা অবাধ বাণিজ্যনীতির বিরুদ্ধে অবস্থান নেয়।’
থাই চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান চাটচাই বুনিয়ারাত বৈঠকে সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের প্রতিনিধিরা অংশ নেন।
বিনোদ গুপ্তের উদ্ধৃতি দিয়ে বৈঠকের এক প্রতিবেদনে বলা হয়, ‘নেতিবাচক পণ্য তালিকা ঠিক করার চেয়ে বরং ইতিবাচক তালিকার ওপর আলোকপাত এবং তা ঘোষণা করাটা বেশি জরুরি।’
বৈঠকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিমসটেক এফটিএ ৪৩০০ থেকে ৫৯০০ কোটি ডলারের আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনার দ্বার খুলে দেবে।
বিমসটেক এফটিএ নিয়ে আলোচনার জন্য গঠিত বাণিজ্য আলোচনা কমিটি (টিএনসি) সেবা, অর্থনৈতিক বিধিবিধান এবং সহযোগিতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
পরবর্তী টিএনসি বৈঠক ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত হবে বলে বিমসটেক বাণিজ্য ফোরাম জানিয়েছে।
বৈঠকে ‘বিমসটেক ট্রাভেল কার্ড স্কিম’ নিয়েও আলোচনা হয়। থাইল্যান্ডের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, দেশটি বিমসটেকভুক্ত দেশসহ অন্য দেশের ব্যবসায়ীদের জন্য একটি নতুন ধরনের ব্যবসায়িক ভিসা সরবরাহ করতে শুরু করেছে। তিনবছর মেয়াদী এ ভিসায় একসাথে বেশ কয়েকটি দেশ ভ্রমণের সুবিধা থাকবে।
বিমসটেক ফোরামের পরবর্তী বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের তারিখ পরে নির্ধারিত হবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
