২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচাবাজার অস্থিতিশীল: সরবরাহ কম, বাড়তে পারে দাম

অস্থিতিশীল হয়ে উঠেছে ঢাকার কাঁচাবাজার। ঈদের পর গত চারদিনে কাঁচা পণ্যের চাহিদা কম থাকা সত্বেও দাম উঠানামা করেছে হঠাৎ করে। এছাড়া সরবরাহ কম থাকায় আকস্মিকভাবে বেড়ে যেতে পারে বিভিন্ন পণ্যের দামও। রোববার রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 06:14 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচা বাজারের একাধিক পাইকারি বিক্রেতা আশংকা প্রকাশ করেন, ঈদের ছুটি শেষে বিভিন্ন জেলা থেকে মানুষের ফিরে আসা শুরু হয়েছে। ফলে চাহিদা বাড়ার মূখে সরবরাহে চলমান ঘাটতি বজায় থাকলে সোমবার থেকে পণ্যের দাম হঠাৎ করেই বেড়ে যাতে পারে।

বিশেষ করে ভারত থেকে আমদানি ও দেশে পণ্য পরিবহন বন্ধ থাকায় আমদানিজাত দ্রব্যের দাম বাড়ার আশংকা সবচেয়ে বেশি বলে বিক্রেতারা জানান।

তারা জানান, ঈদের ছুটির কারণে এখন শহরে মানুষ কম থাকায় কাঁচা পণ্যের খচরা বিক্রেতারা পন্য কিনছে না। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় এখনও চাহিদা কম রয়েছে।

চলমান রাজনৈতিক সংকটের কারনে সরবরাহে ঘাটতি থাকায় মরিচ, আলু ও পেঁয়াজের দাম অব্যাহতভাবে বাড়ছে। অন্যান্য সবজির দামও সরবরাহের ওপর নির্ভর করে দাম উঠানামা করছে।

কারওয়ান বাজারে আলু ও পেঁয়াজের পাইকারি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, অবরোধের কারনে এমনিতেই কোন ট্রাকে চালান আসেছে না। শনিবার রাত ও রোববার ভোরের দিকে বেশ কয়েকটি ট্রাক আসায় কিছু কিছু সবজির দাম হঠাৎ করে কমে গেছে।

কারওয়ান বাজার, মোহাম্মদপুর ও হাতিরপুল বাজার ঘুরে দেখা যায়, বাজারে কাঁচা পন্যের সরবরাহ অত্যন্ত কম। ঈদের আগের তুলনায় দেশী পেঁয়াজ কেজি প্রতি দুই টাকা বেড়ে ২০ টাকা ও আলু কেজি প্রতি তিন টাকা বেড়ে ২৩-২৪ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে শনিবার কাঁচামরিচ বিক্রি হয় কেজি প্রতি ১৫০ টাকায়। কিন্তু রোববার তা বিক্রি হয় ১০০ টাকায়। তবে শুকনা মরিচের দাম বেড়ে কেজি প্রতি ১৬০ টাকায় দাঁড়িয়েছে।

পাইকারি বাজারে ঢেড়স, বরবটি এবং পটলের দাম কেজি প্রতি এক/দুই টাকা কমলেও বেগুনের দাম আগের মতোই ১৬ টাকায় রয়েছে। পটল এখন ১২ টাকা, ঢেড়স ২৫ টাকা এবং বরবটি ২৬ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশী মুরগীর কেজি ঈদের আগের মতোই ১০৫ টাকা রয়েছে।