সাভারের স্কাইলিংক গার্মেন্টসে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে রোববার সন্ধ্যায় সাভারের পলাশবাড়ি এলাকার স্কাইলিংক গার্মেন্টসে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েক দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এ সময় কারখানার কর্মকর্তাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।
ঘটনার পর পুলিশ এক গার্মেন্টস শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে। সহিংসতা এড়াতে কারখানাটিতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিডিআর সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, স্কাইলিংক গার্মেন্টসের কর্তৃপক্ষ রোববার দুপুরে সকল শ্রমিকের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের পর ছয়দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। কিন্তু কারখানার প্রায় ৩ হাজার শ্রমিকের মধ্যে একটি অংশ ছয়দিনের পরিবর্তে ১০ দিনের ছুটি দাবি করে।
এ নিয়ে কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) সালাউদ্দিনের সাথে শ্রমিকদের কথা কাটাকাটি হয়।
এর জের ধরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা সালাউদ্দিনকে কৌশলে একটি কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করতে থাকে। তার চিৎকারে অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের ওপরও চড়াও হয়।
একপর্যায়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা কারখানার ভেতরে ব্যাপক ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিডিআর সদস্যরা ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের লাঠিচার্জে কারখানার ৫ কর্মকর্তাসহ কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়।
এদের মধ্যে গুরুতর আহত কারখানার ৫ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মালিক ইকবাল হাসানের পাজেরো জিপ (ঢাকা--মেট্রো--গ--১১--৫৬৩০) এবং কারখানার কর্মকর্তাদের বহনকারী মাইক্রোবাস (ঢাকা-মেট্রো--চ--৫১--৬৬৪১) ভাংচুর করে।
ঘটনার সময় নবীনগর--কালিয়াকৈর সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। ফলে গুরুত্বপূর্ণ ওই সড়কটিতে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, আবারো হামলা ও ভাংচুরের আশংকায় কারখানায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিডিআর সদস্য মোতায়েন করা হয়েছে।
হামলায় নেতৃত্ব দেয়া এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হলেও তিনি তার নাম জানাতে অস্বীকার করেন।
