বাণিজ্য সাহায্যের সুপারিশ চুড়ান্ত হতে যাচ্ছে মঙ্গলবারের জেনেভা বৈঠকে
বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর বাণিজ্যমন্ত্রীরা মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত সাধারণ পরিষদের বৈঠকে বাণিজ্য সহায়তা দিতে গঠিত টাস্কফোর্সের প্রস্তাবিত সুপারিশে চূড়ান্ত অনুমোদন দেবেন বলে কথা রয়েছে।
স্থানীয় এক বাণিজ্য বিশেষজ্ঞ বলেন, জেনেভা বৈঠকে বাণিজ্যের জন্য সাহায্য প্রস্তাবের বাস্তবায়ন প্রক্রিয়া, সহায়তা পদ্ধতি ও প্রাপ্ত সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা হবে।
হংকংয়ে গত ৮ ফেব্র“য়ারি অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাণিজ্যের জন্য সাহায্য সংক্রান্ত এই টাস্কফোর্স গঠিত হয়। বাংলাদেশ ১৩ সদস্যের এই টাস্কফোর্সের সদস্য।
বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক প্যাসকেল ল্যামি গত ২৭ সেপ্টেম্বর আঙ্কটাড বোর্ড মিটিংয়ে বলেন, ‘বাণিজ্যের জন্য সাহায্য সর্বসম্মত অনুমোদনের অংশ নয়... এটাকে কার্যকরভাবে এগিয়ে নেওয়া উচিত। এই দৃষ্টিভঙ্গী জোরদার করার লক্ষ্যে রাজনৈতিক ইঙ্গিতও রয়েছে। ইতোমধ্যে অনেক সদস্য দেশ বাণিজ্যের জন্য একটি সমন্বিত সাহায্য প্রস্তাব ঘোষণার প্রতিশ্র“তি বাস্তবায়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
তিনি বলেন, বাণিজ্য অবকাঠামো হলো বাণিজ্যের জন্য বৃহত্তর সাহায্যের প্রেক্ষাপটের অংশ মাত্র। আমাদের সমন্বিত ও সংগঠিত তৎপরতার মাধ্যমে এই কার্যক্রম ধীরে ধীরে চূড়ান্ত লক্ষ্যে অগ্রসর হচ্ছে।
হংকং সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ করে বাংলাদেশসহ স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সম্পর্কিত অবকাঠামো ও সরবরাহ ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে এই সাহায্য দেওয়া হবে। তবে টাস্কফোর্সের সুপারিশে বাণিজ্য সম্পর্কিত সমন্বয় ও বাণিজ্য নীতি বিধিমালাসহ ছয়টি বড় ক্যাটাগরি বাণিজ্য সাহায্যের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ২৪ডটকমকে সোমবার বলেন, বাণিজ্য সম্পর্কিত সহায়তা সাধারণ সহায়তা কর্মসূচি থেকে অবশ্যই আলাদা হওয়া উচিত। এক্ষেত্রে নতুন করে অর্থ সাহায্য দেওয়া উচিত।
তিনি বলেন, প্রস্তাবিত বাণিজ্য সাহায্য প্যাকেজের একটি বড় অংশ স্বল্পোন্নত দেশগুলোর জন্য সংরক্ষিত রাখা উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর অর্থনীতির আয়তনের ওপর ভিত্তি করে প্রতিটি দেশের জন্য দেয় সাহায্যের পরিমাণ সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ট্যারিফ কমিশনের এক কর্মকর্তা বলেন, আগামী বৈঠকে যদি সদস্য দেশগুলো বাণিজ্য সহায়তা পরিচালনা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে তবে এক্ষেত্রে প্রকৃত অগ্রগতি ঘটবে।
তিনি বলে, টাস্কফোর্স কেবল সাহায্যের ক্ষেত্রে ‘ভালো উদাহরণের’ ওপর জোর দিয়েছে, পরিচালনা পদ্ধতির ওপর নয়।
উল্লেখ্য, গত ২৭-২৮ জুলাই জেনেভায় অনুষ্ঠিত সাধারণ পরিষদের সর্বশেষ বৈঠকে টাস্কফোর্সের খসড়া সুপারিশে অনুমোদন দেওয়া হয়।
