প্রধানমন্ত্রীর বিজিএমইএ কমপ্লেক্সের উদ্বোধন, এফবিসিসিআই ভবনের ভিত্তি স্থাপন
প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার বাংলাদেশ তৈরি পোষাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। এছাড়া ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ভবনের।
বিজিএমইএ-এর নতুন কমপ্লেক্স উদ্ভোধনকালে খালেদা জিয়া কমপ্লেক্সের জমির দামবাবদ বকেয়া প্রায় সোয়া দুই কোটি টাকা মওকুফের প্রতিশ্র“তি দিয়ে বলেন, সরকার তৈরি পোশাক খাতের উন্নয়নে সব রকম সহায়তা দিয়ে যাবে।
সে সময় অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ ও বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিশ্র“তি অনুযায়ী গত মাসে প্রধানমন্ত্রী নামমাত্র এক লাখ টাকা মূল্যে এফবিসিআই এর নিজস্ব ভবনের জন্য এক একর জমি দান করেন। কারওয়ানবাজার পান্থপথ লিংক রোডে অবস্থিত এই জমিতে নতুন ভবন নির্মাণের জন্য প্রাধানমন্ত্রী রোববার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময়ে এফবিসিসিআইয়ের সভাপতি মীর নাসির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ তার নিজেস্ব কমপ্লেক্সের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছ থেকে ১৯৯৮ সালে ৫ কোটি ১৭ লাখ ৬৮ হাজার টাকায় ২ বিঘা জমি ক্রয় করে। দশ কিস্তিতে মূল্য পরিশোধের কথা থাকলেও বিজিএমইএ এ পর্যন্ত পাঁচ কিস্তি ২ কোটি ৫৫ লাখ ২৯ হাজার টাকা পরিশোধ করেছে।
এর আগে গত জুলাই মাসে বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদও একবার বিজিএমইএ নতুন কমপ্লেক্সের উদ্বোধন করেন। এর পর সংগঠনটি এখান থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে।
২০০১ সালে বিজিএমইএ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় জুলাই মাসে। এটি নির্মণে ব্যয় হয় ৭০ কোটি টাকা।
