বিমসটেকের বাণিজ্য আলোচনা কমিটির বৈঠক অনিশ্চিত
বিমসটেকের বাণিজ্য আলোচনা কমিটির (টিএনসি) পরবর্তী বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সদস্য দেশগুলো পূর্ববর্তী বৈঠকগুলোর পর্যালোচনার তারিখ নির্ধারণ করতে না পারায় এ অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলে সূত্র জানায়।
বিমসটেকের দেশগুলোর মধ্যে বাণিজ্য বিষয়ক প্রস্তাবিত অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে টিএনসির সর্বশেষ আলোচনা ‘বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক উদ্যোগ’ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় জুলাইয়ের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশ, মায়ানমার, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান অংশ নেয়।
চলতি বছরের ফেব্র“য়ারি মাসে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘবিরতি দিয়ে জুলাইয়ে বৈঠক হয়। এরপর মায়ানমারে সেপ্টেম্বরে বৈঠক অনুষ্ঠানের কথা ছিল। তবে তা পিছিয়ে যায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ ব্যাপারে বলেন, ‘সদস্য দেশগুলো তারিখ নির্ধারণ করতে না পারায় বৈঠক পিছিয়ে যায়।’
ওই বৈঠকে প্রস্তাবিত অবাধ বাণিজ্য চুক্তির মূলনীতি এবং পণ্যের তালিকা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
তিনি বলেন, ‘আমরা এক হাজার ৩০৬টি স্পর্শকাতর পণ্যের একটি তালিকা দিয়েছি।’
সূত্র আরও জানায়, চুক্তির আওতায় আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতৈক্য হয়েছিল।
বিমসটেকের চুক্তি অনুযায়ী এ বছরের জুলাই থেকে বাণিজ্য উদারীকরণ শুরু করার কথা থাকলেও টিএনসি আলোচনা বিলম্বিত হওয়ায় তা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে না।
উল্লেখ্য, সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালে বিমসটেক প্রতিষ্ঠিত হয়।
