ময়মনসিংহ বাইপাস সড়ক প্রকল্প এসিসি’র কাছে হস্তান্তর করেছে একনেক
অনিয়মের অভিযোগে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ময়মনসিংহ বাইপাস সড়ক প্রকল্পটি দুর্নীতি দমন কমিশনের (এসিসি) কাছে পাঠিয়েছে।
রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার একনেকের এক বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াও প্রকল্পটিতে কর্মকর্তারা অতিরিক্ত অর্থ খরচ ও নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত কাজ বের করেছে।
একনেক প্রায় ১০,৭৯৩ কোটি টাকার প্রকল্প সাহায্যসহ মোট প্রায় ৩২,৬১১ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির (এইচএনপিএসপি) সংশোধিত প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনাসহ আরো দু’টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি বাস্তবায়নের জন্যে ৩২,২৫০ কোটি টাকা ব্যয় হবে।
সাইফুর রহমান বলেন, তদন্ত কমিটি ময়মনসিংহ বাইপাস সড়ক প্রকল্পে অনিয়ম দেখতে পাওয়ায় আরো তদন্তের জন্যে প্রকল্পটি এসিসি’র কাছে প্রেরণ করেছে।
অর্থ মন্ত্রী বলেন, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে প্রকল্পের জন্যে বরাদ্দকৃত তহবিল থেকে অতিরিক্ত অর্থ ব্যয় ও অর্থ আত্মসাৎ করেছেন। সরকারি কর্মকর্তারা যেন তদন্ত প্রক্রিয়ায় বাধা দিতে না পারে সেজন্যে বিষয়টি এসিসি’র কাছে প্রেরণ করা হয়েছে।
পরিকল্পনা কমিশন সচিব আক্তার হোসেন খান বলেন, অনিয়মের সাথে জড়িতদের বিচারের সম্মুখীন করতে প্রয়োজন হলে যোগাযোগ মন্ত্রণালয় তার নিজস্ব পথে এগিয়ে যাবে।
এর আগে ২০০৩ সালের ২২ ডিসেম্বর এক বৈঠকে একনেক ৩০ কোটি টাকার প্রকল্পটির বাস্তবায়নে অনিয়ম তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করার আদেশ দেয়। তদন্ত কমিটি নির্দেশ অনুসারে মঙ্গলবার তদন্ত রিপোর্ট জমা দেয়। এরপরই একনেক বিষয়টি এসিসি’র কাছে হস্তান্তর করে।
তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ময়মনসিংহ বাইপাস সড়ক প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই একটি জরিপ পরিচালনা এবং প্রকল্পটির নকশা পরিবর্তন করেছে।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির একজন সদস্য বিডিনিউজকে বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রেও দুর্নীতি দেখা গেছে।
আক্তার হোসেন খান বলেন, এইচএনপিএসপি’র প্রকল্পটির বাস্তবায়ন সময়সীমা ২০০৬ সাল থেকে বৃদ্ধি করে ২০১০ সাল পর্যন্ত করা হয়েছে।
বৈঠকে সরকারের সিনিয়র মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
