এসিসি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে : সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার বলেছেন, দুর্নীতি দমন কমিশন (এসিসি) সরকার ও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
এসিসি’কে শক্তিশালী করার উপায় খুঁজে বের করতে এসিসি ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাথে সোমবার এক বৈঠক শেষে এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, অনেক আশা নিয়ে আমরা প্রতিষ্ঠানটি করেছিলাম। কিন্তু এটি কার্যকর হতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, কমিশনারদের মধ্যে বিবাদ-সহ বেশ কিছু কারণে এসিসি এখনও পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারেনি।
তিনি বলেন, কমিশনারদের মধ্যে বিবাদ, বিধি ও গঠনতন্ত্র প্রণয়ন এবং বিলুপ্তকৃত দুর্নীতি দমন ব্যুরোর আত্মীকরণ ইস্যুর কারণে এসিসি সমস্যার মধ্যে রয়েছে।
২০০৪ সালের ২১ নভেম্বর থেকে এসিসি তার কার্যক্রম শুরু করে। একই বছরে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দেওয়া হলেও কমিশন প্রায় অকার্যকর রয়ে গেছে।
কমিশনের অকার্যকারিতা দেশের ভাবমূর্তি সম্পর্কে একটি নেতিবাচক ধারনা সৃষ্টি করবে বলে মন্তব্য করেন অর্থ মন্ত্রী।
এ ব্যাপারে তিনি বলেন, কমিশনের কার্যকারিতার খাতিরেই নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে ফেলতে আমি কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছি।
সাইফুর রহমান বলেন, এসিসি কার্যকর করতে সরকার প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করতে আগ্রহী নয় বলে যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়।
অর্থমন্ত্রী আরো বলেন, এসিসি’র বিধিমালা ও গঠনতন্ত্র প্রণয়নের ফাইলটি এখন মন্ত্রীপরিষদ বিভাগে রয়েছে এবং শিগগিরই তা সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
কমিশনের বিধিমালা ও গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত ফাইলটি শিগগিরই অনুমোদন পাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
এদিকে বৈঠকে উপস্থিত এডিবি’র আবাসিক প্রতিনিধি হুয়া দো বলেন, তারা দেখতে চান, কোন মহল থেকে কোন ধরনের চাপ ছাড়াই কমিশন চলছে।
তিনি বলেন, এসিসি’কে শক্তিশালী করতে গৃহীত প্রকল্পের পিছনে এডিবি অর্থের যোগান দিয়ে যাবে।
এডিবি ২০০৪ সালে চার দশমিক ৬৯ কোটি টাকার প্রকল্পটি চালু করে। পরবর্তীতে প্রকল্পটির কার্যক্রম বর্ধিত করা হয় এবং প্রকল্পটির ব্যয় ১২ কোটি টাকায় পুননির্ধারণ করা হয়।
