২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও বিরোধী দলের ঐকমত্যের দাবি জানিয়েছেন এরশাদ

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ বৃহস্পতিবার বিবাদ ও সহিংসতার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ঐকমত্যে পৌঁছাতে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এরশাদ বৃহস্পতিবার তার কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কর্মকর্তাদের সাথে বৈঠকে বলেন, আমাদের সম্পূর্ণরূপে রাজনৈতিক সহিংসতা ও বিবাদের অবসান ঘটাতে হবে। প্রয়োজন হলে বিরোধী দলের যৌক্তিক ও সাংবিধানিক দাবির সাথে সরকারকে সমঝোতা করতে হবে।

বৈঠকে এরশাদ বিদ্যুত সংকট, অর্ধ মিলিয়ন ছোট-মাঝারি আকারের শিল্প-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন।

তিনি বলেন, জাতীয় অর্থনীতির প্যারালাইসিসে ভুগছে। অথচ সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তার কোন লক্ষণ পাওয়া যাচ্ছে না।

দেশের ১৯০০ মেগাওয়াট বিদ্যুত ঘাটতি সম্পর্কে এরশাদ বলেন, শিল্পায়নের ক্ষেত্রে প্রধান বাধা হল বিদ্যুত সংকট। বিদ্যুত প্লান্ট টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কারণে তিনি সরকারকে দায়ী করেন।

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে এরশাদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন পদ্ধতি ও নির্বাচন কমিশন বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু বিতর্কের কিভাবে অবসান ঘটানো হবে তা এখনও জানা যায়নি।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, জাতীয় স্বার্থে একটি ও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে জাতীয় ঐকমত্য প্রয়োজন।

তিনি বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের ভবিষ্যত সম্পর্কে দেশের অধিকাংশ মানুষ উদ্বিগ্ন। তার ভাষায়, রাজনীতিবিদরা দেশের মানুষের মাঝে আশা ছড়াতে না পারলে সেটি হবে আমাদের জন্য অনুতাপের বিষয়।

ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সকল রাজনৈতিক দল যেন এফবিবিসিআই’র দাবির প্রতি ঐকমত্য প্রকাশ করে তার জন্য উদ্যোগ নিতে মীর নাসির হোসেন জাতীয় পার্টির সাংসদদের প্রতি আহ্বান জানান।

বৈঠকে পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, কাজী ফিরোজ রশিদ, এফবিবিসিআই পরিচালকবৃন্দ, দেশের বিভিন্ন সমিতি ও চেম্বারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।