২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য বাংলাদেশ সরকার নতুন কৌশল নিতে যাচ্ছে

যুক্তরাষ্ট্রের বাজারে দেশীয় বস্ত্র ও তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য দ্বিপক্ষিক পর্যায়ে কার্যকর নীতির ব্যাপারে বাংলাদেশ সরকার এ সপ্তাহে সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 06:07 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এ ব্যাপারে নিউইয়র্কে রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী সরকারি বিশেষজ্ঞ হিসেবে মঙ্গলবার বিজিএমইএ নেতৃবৃন্দ সঙ্গে বৈঠকে বসছেন।

এতে শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য সরকারি পর্যায়ে দুদেশের মধ্যে আলোচনার কৌশল ঠিক করা হবে। গত প্রায় দুবছর ধরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বাংলাদেশসহ ১৪টি স্বল্পোন্নত দেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার জন্য মার্কিন ট্রেড বিল, ২০০৫ পাশের জন্য ব্যাপক প্রচারণা চালিয়ে আসছে।

তবে হংকংয়ে অনুষ্ঠিত ষষ্ঠ মন্ত্রী পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশের বস্ত্রখাতের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়। এর পর থেকে এ বিল নিয়ে সংশয় দেখা দেয়। ফলে এ বিল বাদ দিয়ে বাংলাদেশ দ্বিপাক্ষিক পর্যায়ে বিশেষ চুক্তির মাধ্যমে অন্ততপক্ষে  বেশ কিছু পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিকল্প ব্যবস্থা নিয়ে নতুন প্রস্তাব আলোচনায় আসছে।

এদিকে পররাষ্ট মন্ত্রী এম. মোরশেদ খানের সঙ্গে গত বৃহস্পতিবার বিজিএমইএ প্রতিনিধি দল মতবিনিময়কালে, তিনি ইউএস ট্রেড বিলের পাশাপাশি অন্য বিকল্প পন্থাগুলোও বিবেচনা করা কথা উল্লেখ করেন।

বাংলাদেশ বিশেষ চুক্তির মাধ্যমে অন্তত স্বল্প সংখ্যক পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিকল্প ব্যাবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হবে।

এ ব্যাপারে বিজিইএমএ সভাপতি টিপু মুন্সী বিডিনিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা আদায়ের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি আমরাও চেষ্টা চালাচ্ছি।

তিনি বলেন, সব পণ্যের বদলে কিছু পণ্যের ক্ষেত্রেও যদি শুল্কমুক্ত সুবিধা কার্যকর করা যায়, সেটা সামগ্রিক পোশাক শিল্পের জন্য হবে ইতিবাচক।

সরকার বিজিএমইএ সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন এই নীতি নির্ধারণ করতে যাচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সম্প্রতি বৈঠকসহ  সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনার করে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য ওই নতুন নীতি ঠিক করা হচ্ছে।

মার্কিন ট্রেড বিল, ২০০৫ পাশের জন্য বিজিএমইএ গত দেড় বছর ধরে মার্কিন লবিস্ট নিয়োগ করেছে। ইতিমধ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জন্য তারা খরচ করেছে প্রায় দেড় কোটি টাকা।