সাফটা নিয়ে পাকিস্তানের অবস্থানে বাংলাদেশের উদ্বেগ
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) চুক্তি সংক্রান্ত পাকিস্তানের বিতর্কিত অবস্থানের কারণে বাংলাদেশী কর্মকর্তারা মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেন। এর ফলে সাফটার চুক্তির শর্তাবলী বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে তারা মত প্রকাশ করেন।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায়, পাক-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক সাফটা চুক্তি বাস্তবায়নকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। কেননা, জম্মু ও কাশ্মির বিতর্ক নিয়ে রাজনৈতিক বিপর্যয় এড়িয়ে চলতে ইসলামাবাদ সাফটা চুক্তি বাস্তবায়ন থেকে নিজেদের গুটিয়ে রেখেছে।
অবশ্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সাফটা বাস্তবায়নের ক্ষেত্রে পাকিস্তানের সর্বশেষ অবস্থানের ব্যাপারে সার্কের বর্তমান চেয়ারম্যান ঢাকা আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সম্মতি পায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, সার্ক সচিবালয়ের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি, পাকিস্তান এখনও সাফটা অনুসাক্ষর করেনি। তবে পূর্বের বিভিন্ন বৈঠকে দেওয়া পাকিস্তানের প্রতিশ্র“তির কারণে বলা যায় ইসলামাবাদ সাফটা অনুসাক্ষর করবে। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো উদ্বেগ তৈরি করছে।
ধারণা ছিল, পাকিস্তানের পার্লামেন্ট ঈদ উল আজহার পরে সাফটা অনুসমর্থন করবে। কিন্তু পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, পার্লামেন্ট এখনও সাফটা অনুসমর্থন করেনি।
পাকিস্তানের গণমাধ্যমে আরো উল্লেখ করা হয়, সাফটা চুক্তি অনুসমর্থন করার অর্থ হচ্ছে, ভারতসহ সার্কের সকল সদস্য দেশের বাণিজ্যযোগ্য পণ্যের জন্যে দেশের সীমান্ত খুলে দেওয়া।
সার্কের সাত সদস্য রাষ্ট্রের মধ্যে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও ভুটান ইতোমধ্যে সাফটা অনুসমর্থন করেছে।
পাকিস্তানের ডন পত্রিকায় বলা হয়, ফেডারেল ক্যাবিনেট আসন্ন পার্লামেন্ট সেশনে সাফটা চুক্তি অনুসমর্থন করার বিষয়টি আলোচনা করতে পারে।
