কুয়েতে বাংলাদেশে শ্রমিক নিয়োগে কোন নিষেধাজ্ঞা নেই
কুয়েতে বাংলাদেশী শ্রমিক নিয়োগ সম্পূর্ণ নিষেধ করা হয়নি। কুয়েতের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সেদেশের পত্রিকা দ্য অ্যারাব টাইমস এ খবর জানিয়েছে।
গত সপ্তায় প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশী শ্রমিকের ওয়ার্ক পারমিট প্রদান বন্ধ রাখার জন্যে মন্ত্রণালয় যে নির্দেশ দিয়েছে তার মানে এই নয় যে শ্রমিক নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ।
বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির প্রেক্ষিতে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম খানের উদ্যোগে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলে মন্ত্রণালয় পত্রপত্রিকায় এ ব্যাখ্যা তুলে ধরে।
রিপোর্টে বলা হয়, ওই নির্দেশে কেবল ওয়ার্ক পারমিট প্রদানের কর্তৃপক্ষ হিসেবে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ম্যানেজারদের কর্তৃত্ব খারিজ করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশের শ্রমিক নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী এবং মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির অনুমোদন প্রয়োজন হবে। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এর কর্মকর্তারা আর কোন বাংলাদেশী শ্রমিক অথবা গৃহকর্মীর ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবেন না।
কুয়েতে নিযুক্ত কোন বাংলাদেশী শ্রমিক যদি তার স্ত্রী পরিজনকে সেদেশে নিয়ে যাতে চান তাহলে তাদের প্রচলিত নিয়ম পদ্ধতি অনুসরণ করতে হবে।
বর্তমানে কুয়েতে বাংলাদেশের দুই লাখেরও বেশি শ্রমিক নিযুক্ত রয়েছেন।
