বহির্বাণিজ্যের জন্যে ঈদের ছুটিতেও ব্যাংক, কাস্টমস অফিস খোলা থাকবে
ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি অফিস ছুটি থাকলেও বহির্বাণিজ্যের সুবিধার্থে ঈদের ছুটিতে দেশের গুরুত্বপূর্ণ স্থানের ব্যাংক ও কাস্টমস অফিস খোলা থাকবে। সরকারি সূত্রে এ খবর জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, বহির্বাণিজ্য সম্পন্নের জন্যে ঢাকা ও চট্টগ্রামের ব্যাংকগুলো ১০ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের বৈদেশিক লেনদেন শাখা খোলা রাখতে পারে।
এতে বলা হয়, কমলাপুরের আইসিডি, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (ডিইপিজেড), চিটাগাং এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (সিইপিজেড) এবং বেনাপোলের কাস্টমস হাউজের ব্যাংক শাখা ঈদের ছুটিতে খোলা রাখা হতে পারে।
এদিকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাানিয়েছে, আন্তঃসীমান্ত বাণিজ্যের জন্যে চট্টগ্রাম কাস্টমস অফিস ১০ জানুয়ারি এবং ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি খোলা থাকবে।
সীমিত মাত্রায় ব্যবসা - বাণিজ্য সম্পন্নের লক্ষ্যে চট্টগ্রাম, মংলা ও বেনাপোলের কাস্টমস অফিস ১০ ও ১২ জানুয়ারি খোলা থাকবে।
