সিরাজগঞ্জ বাঘাবাড়ী নৌ-বন্দর অচল
অপরিকল্পিত নদী শাসনের ফলে সিরাজগঞ্জ বাঘাবাড়ী নৌ-বন্দর অচল হয়ে পড়েছে। এর ফলে উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
যমুনার চরে আটকা পড়া মালভর্তি জাহাজ পাঁচ দিনেও উদ্ধার করা যায়নি। উত্তরাঞ্চলের বৃহত্তম এ নৌ-বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
বাঘাবাড়ী নৌ-বন্দরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সারঘাটে কিংবা বহিঃনোঙ্গরে কোন জাহাজ নেই।
বাঘাবাড়ী বন্দরের নয়/দশ কিঃমিঃ উজানে পেঁচাকোলা নামক স্থানে যমুনা নদীতে প্রচন্ড স্রোত ও নাব্যতা সংকটে ক্লিংকার, সার এবং তেলবাহী কোন জাহাজ বন্দরমুখী আসতে পারছেনা। মোহনগঞ্জ, পেঁচাকোলা এবং নালিয়া ঘাটে ১৩টি জাহাজ আটকা পড়েছে।
আরিচা থেকে বাঘাবাড়ীমুখী আরও কমপক্ষে ২৫টি জাহাজ সার ও ডিজেল নিয়ে অপেক্ষা করছে। ঘাট এলাকাতে সার ডিজেলের জন্য ট্রাকগুলো লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
যমুনা নদীর পশ্চিম তীরে ভাঙ্গন রোধকল্পে প্রকল্পের আওতায় পাবনা পানি উন্নয়ন বিভাগ মোহনগঞ্জ থেকে নাকালিয়া পর্যন্ত সোয়া তিন কিলোমিটার নদী শাসন কাজ করছে।
এ প্রকল্পে ব্যয় করা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। এশিয়া উন্নয়ন ব্যাংকের সহায়তায় এই প্রকল্পে দশ লাখ বালির বস্তা যমুনার তীরে ফেলা হচ্ছে। এই সব বস্তা পানিতে ডুবে যমুনার নৌ-ঘাট সংকুচিত হয়ে গেছে।
এছাড়াও শুকনো মৌসুমের শুরুতে যমুনায় নাব্যতা সংকটে নৌ-যান চলাচল মারাত্বক ব্যাহত হচ্ছে। পাঁচ দিন যাবত আটকে পড়া জাহাজ থেকে হালকা নৌ-যানে মালামাল খালাস করে নৌ-বন্দরে আনা হচ্ছে। ডিজেল পরিবহনেও একই ব্যাবস্থা নেয়া হয়েছে।
পাঁচ দিন নৌ-বন্দরে জাহাজ ভিড়তে না পারায় বন্দরে সার মজুদের পরিমানও সর্বনিু পর্যায়ে নেমে গেছে। বন্দরে কর্মরত তিন হাজার শ্রমিকের বেশির ভাগই পাঁচ দিন যাবত বেকার হয়ে পড়েছে। উৎপাদন ও অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে।
পেঁচাকোলায় আটকে পড়া ক্লিংকার ভর্তি জাহাজের মাস্টার এনামুল হক বলেন, পাঁচদিন চরায় জাহাজ আটকে পড়ায় বন্দরে মাল খালাস করতে পারছিনা।
এ কারনে জাহাজের মালিকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া চরায় জাহাজ আটকে পরার খবর পেয়ে নতুন কোন জাহাজেও মাল ভর্তি করে বাঘাবাড়ীমুখী বন্দরে আসছে না। এম,ভি প্রিন্স জাহাজের মাস্টার আবুল কালামও আক্ষেপের সুরে বললেন-পেঁচাকোলায় নদী শাসন কাজ শুরু হওয়ায় নৌখাড়ি সংকুচিত এবং নাব্যতা সংকটের সৃষ্টি হয়েছে। নদী শাসন কাজের জন্য ২৪ ঘন্টায় মাত্র দুই ঘন্টা জাহাজ চলাচলের জন্য নৌখাড়ি খোলা রাখা হলেও জাহাজ চলাচল করতে পারছে না।
বাঘাবাড়ি নৌ-বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মুন্সী মহিউদ্দিন বিডিনিউজকে জানান, প্রাকৃতিক কারণে নদীর নাব্যতা সংকট হলেও এ বছর নদী শাসন প্রকল্পে বালির বস্তা যমুনায় ফেলার কারণে নৌখাড়ি সংকুচিত হয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।
নৌখাড়ির নাব্যতা সৃষ্টির জন্য ইতোমধ্যে ড্রেজার পৌঁছেছে পেঁচাকোলায়। তবে বালির বস্তার কারণে ড্রেজিং কাজেও সমস্যার সৃষ্টি হতে পারে বলে তিনি আশংকা করে অনুমতি ছাড়াই অপরিকল্পিতভাবে নদী শাসন কাজে যমুনার নৌখাড়িতে বস্তা ফেলা হচ্ছে বলে তিনি জানান।
নদী শাসন প্রকল্পের এশিয়া উন্নয়ন ব্যাংকের পরামর্শক সংস্থার ডেপুটি টিম লিডার ফজলুর রহমান জানান, বাঘাবাড়ী নৌ-বন্দরের বার্জ সমিতির সাথে আলোচনার ভিত্তিতেই দুই ঘন্টার (দুপুর একটা-তিনটা) জন্য নৌখাড়ি চালু রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। নদী তীর থেকে মাত্র ৪০ মিটার অর্থাৎ ১২০ ফুট এলাকায় বালির বস্তা ফেলা হচ্ছে তবে নৌখাড়ির কোন সমস্যা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। বাঘাবাড়ী নৌ-বন্দর ঘিরে গড়ে ওঠা সিমেন্ট কারখানায় উৎপাদন মারাত্বক ধ্বস নেমেছে ক্লিংকার সংকটের কারণে।
বাঘাবাড়ীতে আমান সিমেন্ট কারখানার তৌফিকুল ইসলাম জানান, বন্দরে ক্লিংকার ভর্ভি জাহাজ ভিড়তে না পারায় প্রতিদিন পাঁচ হাজার বস্তা সিমেন্ট উৎপাদন কমে গেছে। বাড়তি খরচ করে হালকা নৌ-যানে ক্লিংকার কারখানায় পৌঁছানো হলেও প্রতিদিন উৎপাদন ঘাটতি হচ্ছে লক্ষাধিক টাকার।
নৌ-বন্দরের হ্যান্ডলিং এজেন্ট আলতাফ হোসেন সরকার জানান, বাঘাবাড়ী ঘাটে স্বাভাবিক কাজকর্ম অচল হয়ে পড়েছে। প্রতিদিন ৫০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। দুই হাজারের মত শ্রমিক পাঁচ দিন যাবত বেকার হয়ে পড়েছে। এ মৌসুমে সারঘাটে ২০ থেকে ২৫ লাখ বস্তা সার মজুদ থাকে। এখন তা ৫০ হাজার বস্তারও নিচে নেমে এসেছে। উত্তরাঞ্চলের জেলায় সার সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে।
অপরিকল্পিতভাবে পেঁচাকোলায় নদী শাসন কাজ করায় এ বছর বাঘাবাড়ী নৌ-বন্দরমুখী জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গোটা উত্তরাঞ্চলে রবি মৌসুমে সারের সংকট, শিল্প কারখানায় উৎপাদন হ্রাস এবং অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে।
