২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিন ক্যাবলের উদ্বোধন মার্চে: বাংলাদেশ সুফল পাবে জুলাই থেকে

চলতি বছর মার্চের প্রথমদিকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবমেরিন ক্যাবল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। তবে সরকারের যথাযথ প্রস্তুতি না থাকায় প্রকল্পের সুফল পেতে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সাবমেরিন ক্যাবল প্রকল্পের এ উদ্বোধনকে আইসিটি সংগঠনের নেতারা ‘রাজনৈতিক উদ্বোধন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বলেন, সুপার হাইওয়ে ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে দেশবাসী কেবল ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিফোন সার্ভিসের ক্ষেত্রে দ্রুততম সুবিধা পাবে। কিন্তু এ ব্যাপারে সরকারের কোনও মধ্যস্থতা নেই।

তারা আরও বলেন, প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ ব্যবহারের স্বচ্ছ নীতিমালা এখনও গঠন করা হয়নি।

তবে বিটিটিবি সূত্র জানায়, টিএন্ডটি ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে সাবমেরিন ক্যাবল ব্যবহার শুরু করেছে।

সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় সহজ ও গতিময় পদ্ধতিতে ভয়েস ও ডাটা ট্রান্সফারসহ আন্তর্জাতিক সার্কিট সুবিধার বাড়বে। এছাড়া ব্রডব্যান্ড ডাটা ট্রান্সফার, কল সেন্টার সার্ভিস, সফটওয়ার রপ্তানি, ই-গভর্নমেন্ট, ই-কমার্স, টেলি-মেডিসিনসহ অন্যান্য সার্ভিস সস্তা ও সহজতর হবে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু বলেন, ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট সহজলভ্য করতে সরকারের উচিত কম মূল্যে পর্যাপ্ত ব্যান্ডউইথ বরাদ্দ করা।

তিনি বলেন, জনগণ আসলে কখন থেকে হ্রাসকৃত মূল্যে বিদেশে ফোন করতে পারবে তা কেউই জানে না।

সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে ফ্রান্স হয়ে সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ কক্সবাজার পর্যন্ত পৌঁছলেও ফেব্র“য়ারি নাগাদ কক্সবাজার ও চট্টগ্রামের মধ্যকার অপটিক ফাইবার ক্যাবল ও মাইক্রোওয়েভ সংযোগ স্থাপনের কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে।

তবে এ কাজের ঠিকাদারি সংস্থা হেসফিবল ও হ্যারিস কর্পোরেশনের মুশফিক আনাম বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই কক্সবাজার ও চট্টগ্রামের মধ্যকার ১৫৬ কিলোমিটার অপটিক ফাইবার ক্যাবল ও মাইক্রোওয়েভ সংযোগ স্থাপনের কাজ সম্পন্ন করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে বিটিটিবি সূত্র জানায়, ঢাকার মহাখালীতে স্থাপিত ২৪০ টি নতুন সার্কিটের মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যেই সাবমেরিন ক্যাবলের ব্যবহার শুরু করে দিয়েছে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে ভয়েস ট্রান্সমিশন করা যাচ্ছে।

এছাড়াও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দুবাইয়ে ফোন করার অবকাঠামো তৈরির জন্যে অপর ১২০ টি সার্কিট স্থাপন করা হয়েছে। বর্তমানে এগুলো পরীক্ষা করা হচ্ছে।

বিটিটিবি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল মালেক আখন্দ বলেন, ক্যাবল স্থাপনের কাজ সম্পন্ন হলে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ কর্মকাণ্ডে গতি আসবে।

এদিকে নীতিমালা গঠনের জন্যে বিটিটিবি পক্ষ থেকে বেসরকারি খাত থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সহ-সভাপতি টিআইএম নুরুল কবির বলেন, সাবমেরিন ক্যাবলের মোট ব্যান্ডউইথ থেকে আমাদের দরকার মাত্র ২০ শতাংশ। তাই এ ব্যান্ডউইথের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।

দেশের আইসিটি সংগঠনের নেতারা ভোক্তা পর্যায়ে সাবমেরিন ক্যাবলের সুবিধা পৌঁছে দেওয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।