২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দিষ্ট সময়ে সাফটা কার্যকর হওয়া নিয়ে সংশয়

নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কা চুক্তি সংশোধন করতে না পারায় সাফটা কার্যকর হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা ও বাণিজ্য বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

সাফটা বিশেষজ্ঞ কমিটির বাংলাদেশ পক্ষের সিনিয়র সদস্য আবিদ হাসান খান চুক্তি সংশোধনে পাকিস্তান ও শ্রীলঙ্কার ব্যর্থতার বিষয়ে অজ্ঞতা প্রকাশ করে বলেন, পাকিস্তান ও শ্রীলঙ্কা যদি এখনও চুক্তি সংশোধন করে না থাকে তাহলে সাফটার প্রথম পর্যায় বাস্তবায়নে বিলম্ব হবে।

তিনি আরও বলেন, আসুন আমরা পাকিস্তান ও শ্রীলঙ্কার জন্য অপেক্ষা করি।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশগুলো ২০০৪ সালের ৪ থেকে ৬ জানুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করে। ২০০৬ সালে ১ জানুয়ারি থেকে সাফটা কার্যকর এবং ২০১৫ সালের ৩১ ডিসেম্বর থেকে এ অঞ্চলে সাফটা পুরোপুরি বাস্তবায়িত হওয়ার কথা।

ইতোমধ্যে নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ ও ভারত এ সংক্রান্ত চুক্তিটি সংশোধন করেছে।

সাফটা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির বাংলাদেশ পক্ষের নেতা ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফজলুর রহমান বলেন, পাকিস্তান ও শ্রীলঙ্কার চুক্তি সংশোধনের ব্যাপারে তিনি এখনও বিস্তারিত কিছু জানেন না।

সাতটি দেশের মধ্যে দুটি দেশ নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সংশোধনে ব্যর্থ হলে চুক্তি বাস্তবায়নের কী হবে এ সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে তিনি অস্বীকৃতি জানান।

পাকিস্তানের দৈনিক পত্রিকা দৈনিক জঙ্গ-এ প্রকাশিত সংবাদে জানা যায়, সাফটা চুক্তি পাকিস্তান সংশোধন করবে কি না তা এখনও নিশ্চিত নয়।

বর্তমানে তিনটি প্রস্তাব পাকিস্তানের বিবেচনাধীন রয়েছে। প্রস্তাবগুলো হচ্ছে: ১. সাফটা চুক্তিতে কোনও সংশোধনী না আনা, যা অত্যন্ত কঠিন হবে এবং এজন্য পাকিস্তানকে বদনামের ভাগীদার হতে হবে। ২. চুক্তি সংশোধন এবং ভারতের এমএফএন স্ট্যাটাস বর্ধিত করা। ৩. ভারত থেকে আমদানির জন্য সাফটাতে আলাদা শর্ত রাখা।

আগামী এপ্রিলে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রীলঙ্কা চুক্তি সংশোধন করবে।

কাঠমাণ্ডুতে সার্ক সেক্রেটারিয়েটের পরিচালক সাইফুর রহমান সম্প্রতি বলেছেন, সাতটি দেশ চুক্তির সংশোধনী না দিলে ও তা সেক্রেটারিয়েটকে না জানালে সার্ক সেক্রেটারিয়েট বাস্তবায়ন সংক্রান্ত কোনও তারিখ ঘোষণা করবে না।

বাণিজ্য বিশেষজ্ঞ রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রকৃতার্থে সাফটা কার্যকর হবে ১ জুলাই থেকে। জুলাইয়ের আগে শুল্ক, কর ও অন্যান্য বিষয় কার্যকর হবে না। যদিও বিভিন্ন পর্যায়ের শুল্ক হ্রাস সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার পদক্ষেপ শুরু হবে ১ জানুয়ারি থেকেই।

সাফটা বাস্তবায়নে বিলম্ব রাজনৈতিক সিদ্ধান্তের দুর্বলতা ছাড়া আর কিছু নয়।

সাফটা অনুসারে উন্নয়নশীল দেশগুলো ২০১৩ সালের মধ্যে এবং স্বল্পোন্নত দেশগুলো ২০১৮ সালের মধ্যে শূন্য থেকে পাঁচ শতাংশ পর্যন্ত শুল্কছাড় সুবিধা পাবে।

স্বল্পোন্নত দেশগুলো হচ্ছে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও ভুটান। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ২০০৭ থেকে সার্কে যোগ দিলে আফগানিস্তানও এ গ্র“পভুক্ত হবে।

বিশেষজ্ঞরা বলেন, সাফটা বাস্তবায়িত হলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য উল্লেখযোগ্য হারে বাড়বে।

বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ মানুষ সার্কভূক্ত দেশগুলোতে বসবাস করে।