ট্রেড অ্যাক্ট বিলের ব্যাপারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে: মোরশেদ খানকে মার্কিন সিনেটর চ্যাফি
মার্কিন সিনেটর এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া ও নিকট প্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক সাব কমিটির চেয়ারম্যান লিঙ্কন ডি চ্যাফি ট্রেড অ্যাক্ট বিলের ব্যাপারে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান শুক্রবার ওয়াশিংটন ডিসিতে চ্যাফি’র সাথে দেখা করতে গেলে তিনি এ আশ্বাস দেন বলে ঢাকায় প্রেরিত এক বার্তায় জানানো হয়। মার্কিন সিনেটর এ সময় মোর্শেদ খানকে জানান, তিনি মুক্তি বানিজ্য চুক্তির সমর্থক।
বাংলাদেশসহ স্বল্পোন্নত ১৪ টি দেশের পোশাক এবং অন্যান্য পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশ সুবিধার জন্য প্রস্তাবিত ট্রেড অ্যাক্ট ২০০৫ বিলটি ইতোমধ্যেই বেশ কয়েকজন মার্কিন সিনেটররের সমর্থন পেয়েছে।
বাংলাদেশের পোশাক শিল্পের জন্য শুল্কমুক্ত সুবিধার প্রয়োজনীয়তার ব্যাপারটি জোর দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মোর্শেদ খান বলেন, বাংলাদেশের অর্থনীতি এবং নারীর ক্ষমতায়নে এ সুবিধার প্রয়োজন। মোরশেদ খান জানান, বাংলাদেশর প্রায় ১৫ লক্ষ নারী তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত।
উগ্রবাদ দমনে বাংলাদেশের প্রতিশ্রুতির ব্যাপারটিও মোরশেদ খান মার্কিন সিনেটরকে অবহিত করেন। মোরশেদ খান বলেন, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ব্যাপারটি সরকার খ্বু গুরুত্বের সাথে নিয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের খুজে বের করতে সরকার বদ্ধপরিকর এবং ইতোমধ্যেই অনেককে গ্রপ্তার করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ সময় মার্কিন সিনেটরকে জানান, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করতে বিভিন্ন বিষয়ে দুদেশের একসাথে কাজ করা প্রয়োজন বলে তারা একমত হন।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সার্বিক রাজনীতি ও অর্থনীতি নিয়েও তারা কথা বলেন। মার্কিন সিনেটর এ সময় মোরশেদ খানের বাংলাদেশে ভ্রমনের প্রস্তাবটি গ্রহণ করেন।
মোরশেদ খান এ সময় জানান প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখছে।
মার্কিন সিনেটরেরর সাথে সাক্ষাতকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শমশের মবিন চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।
