পোশাক, টেক্সটাইল শিল্পের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিজিএমইএ শঙ্কিত
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোয়িশেন (বিজিএমইএ) বৃহস্পতিবার আশংকা প্রকাশ করে বলেছে, দেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
তিনদিনব্যাপী বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল প্রদর্শনীর (বাটেক্সপো-২০০৫) উদ্বোধনকালে বিজিএমইএ সভাপতি আনিসুল হক বলেন, আমাদের পোশাক শিল্পের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক চক্রান্ত হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না।
তিনি বলেন, এমনকি আমাদের গার্মেন্টস শিল্পে কোনও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলেও তা আমাদের আগে জানেন আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলো।
আনিসুল হক বলেন, স্পেকট্রাম স্যুয়েটার ফ্যাক্টরির দুর্ঘটনাকে কেন্দ্র করেও এ ধরনের অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক চাপের কারণে আমরা অনেক বিষয়ই এড়াতে পারিনি।
এছাড়াও তিনি রপ্তানি আয় কমে যাওয়ার জন্য রাজনৈতিক অস্থিতিশীলতাকে দোষারোপ করেন।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ ও আমলতান্ত্রিক জটিলতার কারণে আমাদের ১২০০ গার্মেন্টস শিল্প মালিক নিঃস্ব হয়ে গেছেন। আমরা বোমা হামলা চাই না। এসব কারণে বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এর ফলে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
