২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আলুর নিম্নমূল্য: আলু চাষে নিরুৎসাহিত চাষীরা

চাঁপাইনবাবগঞ্জে আলুর বাজারে এবারও মন্দাভাব বিরাজ করছে। উৎপাদন ব্যয় ও সংরক্ষণ ব্যয়ের চেয়েও বর্তমান বাজারে দাম কম হওয়ায় কৃষক ও ব্যবসায়ীদের মাথায় হাত উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাবগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 01:28 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা, নাচোল উপজেলা, রাজশাহীর গোদাগাড়ি, তানয় উপজেলা ও নওগাঁ জেলার নেয়ামতপুর উপজেলার কৃষকরা দীর্ঘদিন ধরে আলুর চাষ করে আসছে। কিন্তু আলুর দাম কমে যাওয়ায় চাষীরা আগামী বছর আলু চাষে নিরুৎসাহিত হয়ে উঠতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

জানা যায়, গত বছর আলু চাষীরা আলুতে প্রচুর পরিমাণ লোকসান দিয়ে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এবার সেই লোকসান উসুল করার লক্ষ্য নিয়ে তারা আবারও আলু চাষ করে। কিন্তু নিম্নমূল্য আবারও হতাশ করেছে তাদের।

চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা বিডিনিউজকে জানিয়েছেন, সেখানে বিসিক শিল্প নগরী নয়াগোলায় ব্যক্তি উদ্যোগে আলু সংরক্ষণের জন্য পাঁচ হাজার মে. টন ধারণ ক্ষমতার হিমাগারটি প্রতিষ্ঠিত হবার পর অন্যান্য জেলার মতো এ জেলাতেও আলু চাষে কৃষকরা উৎসাহীত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনায় কৃষকরা এবং আলু ব্যবসায়ীরা হিমাগারে আলু সংরক্ষণ করা শুরু করে। তিন থেকে ছয় মাস আলু সংরক্ষণ করে তারা লাভবান হতে থাকে। কিন্তু এ বছর পুনরায় আলুর দাম কমে যাওয়ায় কৃষকদের পক্ষে উৎপাদন খরচ এবং পণ্য সংরক্ষণ ব্যয় মেটানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলু চাষী এবং একই সঙ্গে ব্যবসায়ী আব্দুর রকিব জানান, তার নিজস্ব উৎপাদিত ৭শ’ বস্তা আলু হিমাগারে সংরক্ষণ করা হয়েছিল। আলু বীজ লাগানোর সময় হঠাৎ করে রাসায়নিক সারের দাম বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় বেড়ে যায়। তিনি জানান, প্রতিবিঘা আলু উৎপাদনে ব্যয় হয় ১০ হাজার টাকা এবং বীজসহ ১৫-১৮ হাজার টাকা। অপর দিকে বিঘা প্রতি ৪০ বস্তা আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও প্রতিকূল আবহাওয়ায় মাত্র ১৫-২০ বস্তা আলু পাওয়া যায়। তিনি জানান, তার বস্তা প্রতি লোকসান হচ্ছে ১৭০ টাকা।

সূত্র জানায়, প্রতি কেজি আলুর পাইকারি মূল্য দাঁড়িয়েছে ১১ থেকে ১২ টাকা।

লাভের প্রায় সবটুকুই মধ্যস্বত্ব ভোগীদের হাতে চলে যাওয়ায় আলু উৎপাদনকারী ও ভোক্তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।