২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিডিপিতে পুঁজি বাজারের অবদান ৫ শতাংশ

বাংলাদেশের পুঁজি বাজারের আকার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। দেশের মোট জিডিপিতে পুঁজি বাজারের অবদান মাত্র পাঁচ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

অপরদিকে ভারতের মোট জিডিপিতে পুঁজি বাজারের অবদান ৫০ শতাংশ, পাকিস্তানের ৩০ শতাংশ এবং শ্রীলংকার ২০ শতাংশ।

পুঁজি বাজার উন্নয়ন শীর্ষক দু’দিনব্যাপী আঞ্চলিক সেমিনারে এ তথ্য জানানো হয়।

সেমিনারে জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, শ্রীলংকা ও বাংলাদেশের পুঁজি বাজার বিশেষজ্ঞরা তাদের নিজ নিজ দেশের তথ্য উপস্থাপন করেন।

বক্তারা বলেন, বাংলাদেশের পুঁজি বাজার বর্তমানে প্রি-ম্যাচিউর স্তরে আছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা খুবই কম।

পুঁজি বাজারের উন্নয়নের জন্য তারা আরও বেশি কোম্পানিকে অন্তর্ভূক্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। তাছাড়া পুঁজি বাজারের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনয়নের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের পুঁজি বাজার যে স্তরে আছে সে স্তরে থেকে আন্তঃসীমান্ত বাণিজ্য না করার পরামর্শ দিয়েছেন বক্তারা।

বাংলাদেশের পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানি রয়েছে মোট ২৬৮টি। অপরদিকে, মুম্বাই স্টক এক্সচেঞ্জে ৪,৭৩৪টি, টোকিও স্টক এক্সচেঞ্জে ৩,৬৯৬টি, নাসদাকে ৩,১৮৭টি, লন্ডনে ২,৯৫৩টি, কোরিয়ায় ১,৫৫৫টি এবং মালয়েশিয়ায় ৯৮৫টি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে।