ধর্মঘটে গেলে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা
ঘোষিত কর্মসুচি অনুসারে বুধবার থেকে ধর্মঘটে গেলে লাইসেন্স বা ডিলারশিপ শর্ত লংঘনের দায়ে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি ওনার্স এসাসিয়েশনের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে সরকার।
মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ ধরনের ইঙ্গিত দিয়ে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, কাল (বুধবার) সকালে তাদের মিটিং এর জন্য ডাকা হয়েছে। কিন্তু এর আগে তাদের ধর্মঘটের কর্মসুচি প্রত্যাহার করতে হবে।
তিনি জানান, এসোসিয়েশনের ১২ দফা দাবি কিভাবে বাস্তবায়ন করা যায় তা যাচাই করে দেখার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (অপারেশন) কে প্রধান করে ইতোমধ্যে গঠিত কমিটি কাজ করছে। আগামী ৩১ অক্টোবর কমিটি তাদের রিপোর্ট পেশ করবে। এর উপর নির্ভর করে সরকার সিদ্ধান্ত নেবে।
উপদেষ্টা বলেন, তাদের ধর্মঘটে যাওয়ার কোনো সুযোগ নেই।
রোববার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জ্বালানি তেলের বিক্রয় কমিশন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল ক্রয় বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেয়।
অন্যদিকে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় ধর্মঘট কর্মসূচি প্রত্যাখ্যান করা হয়।
