২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সদস্যরা নভেম্বরে কর চুক্তি স্বাক্ষর করবে

ঢাকায় নভেম্বরে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশসমূহ দ্বৈত কর প্রত্যাহারের ব্যাপারে একটি সীমিত বহুপক্ষীয় চুক্তি (এলএমএএডিটি) স্বাক্ষর করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

কাঠমান্ডুতে অনুষ্ঠিত সার্ক সাব গ্রুপের বৈঠকে চুক্তিটির একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং আসন্ন ১৩ তম সার্ক অধিবেশনে তা বিবেচনা ও স্বাক্ষরের জন্যে পেশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রসমূহ জানায়।

এ খসড়া সকল সদস্য দেশের জন্যে বাস্তবায়নযোগ্য কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর সার্ক সচিবালয়ের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ২০০৬-এর জুলাই মাসের এক তারিখ থেকে চুক্তিটি কার্যকর হবে বলে তারা জানান।

সার্ক সদস্য দেশগুলোর পক্ষে অথবা তাদের আয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারে এলএমএএডিটি চুক্তি প্রযোজ্য হবে। এ সকল করকে আয়ের ওপর কর, মোট আয়ের ওপর বা আয়ের উপাদানের ওপর আরোপিত সকল কর (স্থাবর অস্থাবর সম্পদের পৃথকীকরণের ফলে লাভের ওপর কর এবং বিভিন্ন এন্টারপ্রাইজের চাহিদাকৃত বা প্রাপ্ত মোট বেতন বা মজুরির ওপর করসহ) হিসেবে গণ্য করা হবে।

চুক্তি স্বাক্ষরের পর এর বর্ধিত অংশ হিসেবে নির্ধারিত একই ধরনের অপরাপর করের ক্ষেত্রেও চুক্তিটি কার্যকর হবে।