২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানা জটিলতায় সোনামসজিদ স্থল বন্দর পূর্ণাঙ্গ স্থল বন্দর হতে পারছে না

নানা জটিলতায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে গড়ে উঠতে পারেছে না। আর এ কারণে আমদানি ও রপ্তানি বাণিজ্যে ধ্বস নেমেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 09:55 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

অবকাঠামোগত সুবিধার অভাব ও এক শ্রেনীর কর্মকর্তা কর্মচারিদের দূর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে পূর্ণাঙ্গ বন্দর প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি স্বত্তেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে ব্যাবসায়ীদের অভিযোগ।

দেশের দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদকে পূর্ণাঙ্গ রূপদান করা হলে আমদানি ও রপ্তানি কার্যক্রম ও রাজস্ব বৃদ্ধি পাবে।

বন্দর কর্মকর্তারা বলেন, ২০০১-২০০২ অর্থবছরে বন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৯৬ কোটি টাকা হলেও অর্জিত হয় ১১১ কোটি টাকা। একইভাবে ২০০২-০৩ অর্থবছরে ১২৩ কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয় ১৩৩ কোটি টাকা।

অন্যদিকে ২০০৩-০৪ অর্থবছরে বন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা ১৫২ কোটি টাকার স্থলে কমে ১৫১ কোটি টাকা হয়। ২০০৪-০৫ অর্থবছরেও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সোনামসজিদ বন্দর। ওই অর্থবছরে লক্ষ্যমাত্রা ১৯৬ কোটি টাকা হলেও অর্জিত হয় ১২৪ কোটি টাকা। বিগত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ কোটি টাকা রাজস্ব হ্রাস পেয়েছে।

এদিকে জুলাই ও আগস্ট মাসে যথাক্রমে ১৫ কোটি ও আট কোটি টাকা রাজস্ব আয় অর্জিত হয়। এ দু’মাসে রাজস্ব হ্রাস পেয়েছে শতকরা প্রায় ৪০ শতাংশ।

বন্দর ব্যবহারকারীরা বিডিনিউজকে জানিয়েছে, অবকাঠামোগত সুবিধা এবং দূর্নীতিপরায়নতাই রাজস্ব কমতির কারণ। রাজস্ব আয়ের দিক থেকে বেনাপোল স্থলবন্দরের পরেই সোনামসজিদের স্থান। অথচ এখানে অবকাঠামোগত সুযোগ-সুবিধা যেমন, ওয়ার হাউজ, শেড ও পার্কিং জোন নেই।

এদিকে পণ্য বন্দরে প্রবেশের আগেই শুল্ক আদায়ের বিধান, একসঙ্গে পুরো এলসির রাজস্ব উত্তেলন, আমদানিযোগ্য পণ্যের মূল্য বৃদ্ধি, ট্রাকে পণ্য নিয়ে আসার পরিমাণ বৃদ্ধি, একদিনে ঢোকা গাড়ির ক্ষেত্রে একটি বিল অব এন্ট্রি দাখিল, নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি প্রবেশ, শুল্কায়নের ক্ষেত্রে জটিলও দীর্ঘসূত্রিতা ইত্যাদি কারণে আমদানিকারকদের প্রতিনিয়ত বিরাট অংকের লোকসান টানতে হচ্ছে। জানা গেছে, এসব কারণে আমদানিকারকদের খোলা আকাশের নিচেই পণ্য ফেলে রাখতে হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, দিল্লী এবং পাঞ্জাবসহ অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় সোনামসজিদকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে পরিণত করা হলে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে বন্দর কর্তৃপক্ষ মনে করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির এক বছর পেরিয়ে গেলেও বন্দর নানা কারণে তা পূরণ করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে ২৫ একর জমি অধিগ্রহণ ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হলেও চুক্তির শর্ত রক্ষা করা হচ্ছে না বলে জানিয়েছেন তারা।

এরকম একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পানাম ট্রেডিং শর্তানুযায়ী সরকারকে জামানতের এককালীন চার কোটি টাকা প্রদানের স্থলে কিস্তিতে তা প্রদানের আবেদন জানিয়েছে। বন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত কাগজ আইন মন্ত্রণালয়ে সুপারিশের জন্য প্রেরণ করলেও তার কোন অগ্রগতি নেই।

সোনামসজিদকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তর করা হলে সরকার প্রতি বছর ৫০০ কোটি টাকার রাজস্ব অর্জন করতে পারবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।