দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উপকরণ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নেই: আলতাফ
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী স্বীকার করেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব উপকরণ তার মন্ত্রণালয়ের অধীনে নেই।
লন্ডনে সদ্য সমাপ্ত বাংলাদেশ এক্সপো ২০০৫ এর সাফল্য সম্পর্কে বুধবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পুলিশ, বিডিআর, র্যাব, ভ্রাম্যমাণ আদালত এবং খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের অনেক দপ্তর এ ব্যাপারে সরসরি জড়িত থাকলেও তারা বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন নয়।
সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতুল্লাহ বুলু, বাণিজ্য সচিব সিরাজুল ইসলাম এবং টেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান বক্তব্য রাখেন।
আলতাফ হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়োজিত বিভিন্ন সংস্থা ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকায় নিয়ন্ত্রণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে থাকে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনের জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়ে থাকে।
পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে টিসিবি ইতোমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে এবং শহরের ৪০টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুবিধাজনক দামে তা বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। রমজান মাস উপলক্ষে পেঁয়াজের মূল্য বাড়িয়ে দেওয়ার ব্যাপারে তিনি ভারতীয় রফতানিকারকদের দায়ী করেন।
আলতাফ হোসেন চৌধুরী এক প্রশ্নের জবাবে বলেন, গত চার বছরে চার দলীয় ঐক্যজোট নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে সফল হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতুল্লাহ বুুলু গত এক মাসে মোটা চালের দাম বাড়েনি বলে উল্লেখ করেন। তবে পেঁয়াজ, ডাল ও চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। টিসিবি’র আমদানিকৃত ডাল এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছবে বলেও তিনি জানান।
তিনি বলেন, দেশে বছরে ১১ লাখ মে. টন পেঁয়াজের প্রয়োজন হয়ে থাকে এবং এর মধ্যে দেশে দুই লাখ ৭০ হাজার মে. টন পেঁয়াজ উৎপন্ন হয়। পেঁয়াজের মোট চাহিদার অধিকাংশই বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত থেকে আমদানি করতে হয়। অন্যদিকে দেশে বছরে মোট চিনির চাহিদা ১১ লাখ ৫০ হাজার মে. টন এবং দেশে বছরে চিনির উৎপাদন মাত্র ১.০৬ মে. টন।
রমজান মাসে দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য দায়ী মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যাপারে তিনি জানান, আইন মন্ত্রণালয় এ ব্যাপারে খুঁটিনাটি খতিয়ে দেখছে।
