২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসআই কোম্পানি আইটিএস’র বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনলো ব্রামা

বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন (ব্রামা) জালিয়াতির অভিযোগ এনেছে প্রাক জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) কোম্পানি ইন্টারটেক টেস্টিং (আইটিএস)’র বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ব্রামা অভিযোগ করেছে, আইটিএস আন্ডার ইনভয়েসের মাধ্যমে হারুন ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে কম মূল্য দেখিয়ে পণ্য আমদানির সুযোগ করে দিয়েছে। সমিতির পক্ষ থেকে সম্প্রতি এক চিঠির মাধ্যমে পিএসআই কোম্পানির কাছে এ অভিযোগ জানানো হয়।

চিঠির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান এবং কাস্টমস গোয়েন্দা সেলসহ সংশ্লিষ্ট কর্মকতাদের কাছে পাঠানো হয়েছে।

বিভিন্ন আমদানিকৃত পণ্যের আমদানি মূল্য বিশ্লেষণ করে ব্রামা জানায়, শুধু হারুন ইঞ্জিনিয়ারিং এর আমদানিতে পিএসআই কোম্পানিটি প্রায় ৯০ হাজার ডলার আন্ডার ইনভয়েসের সঙ্গে জড়িত।

সমিতির পক্ষ থেকে অভিযোগে বলা হয়, আইটিএসের ক্লিন রিপোর্ট ফাইন্ডিং (সিআরএফ) অনুযায়ী হারুন ইঞ্জিনিয়ারিং এর জন্যে বিভিন্ন ধরনের কপার টিউবের কেজি প্রতি আমদানি জন্য মূল্য ছিলো দশমিক তিন থেকে দশমিক ৪৫ মার্কিন ডলার। অথচ ডেলকো ইঞ্জিনিয়ারিং এবং রিয়াজ এন্টারপ্রাইজের জন্যে একই দ্রব্যের আমদানির মূল্য কেজি প্রতি চার দশমিক ৬২ মার্কিন ডলার ধরা হয়।

অন্যদিকে হারুন ইঞ্জিনিয়ারিং এর জন্যে প্রতিটি সিএনএনএস বা রেফ্রিজারেন্ট এর আমদানি মূল্য ধরা হয় ছয় ডলার। অথচ একই দ্রব্য আমদানির জন্যে সৈয়দ গ্যাস অ্যান্ড কেমিক্যাল লি. এর ওপর ২৭ ডলার মূল্য ধার্য করা হয়। সিটিএনএস’র ক্ষেত্রে অন্য কোম্পানিগুলোর আমদানি মূল্য হারুন ইঞ্জিনিয়ারিং এর দশ গুণ বেশি নির্ধারণ করা হয়।

এ ব্যাপারে আইটিএস’র অপারেশনাল ম্যানেজার রোনাল বিশ্বাস কোনও মন্তব্য করতে অস্বীকার করে বলেন, আমরা রাজস্ব বোর্ডের নিয়োগপ্রাপ্ত সংগঠন। তাদের কাছেই উত্তর দিতে বাধ্য। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সমিতির (ব্রামা) সঙ্গে বৈঠকে বসছি।

হারুন ইঞ্জিনিয়ারিং এর জেনারেল ম্যানেজার এস চৌধুরী বলেন, আমরা সঠিকভারে পণ্য আমদানি করেছি এবং আমদানি পণ্যের কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। তদারকিকারী কোনও সরকারি সংস্থার ভূমিকা নিয়ে আমরা কোনও মন্তব্য করতে পারি না। তারাই তাদের দায় দায়িত্ব সম্পর্কে জানাতে পারে।