বেসরকারি ল্যাণ্ডফোন কোম্পানি ওয়ানটেল’র কার্যক্রম শুরু
দেশের উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেসরকারি ল্যাণ্ডফোন কোম্পানি ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড বৃহস্পতিবার তাদের কার্যক্রম শুরু করেছে।
নগরীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও বিটিআরসি’র চেয়ারম্যান ড. ওমর ফারুক।
এর আগে এক সংবাদ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী জানান, ওয়ানটেল নাম দিয়ে ২২ সেপ্টেম্বর থেকে তারা বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করবেন।
ওয়ানটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এআর সাবের, মার্কেটিং ও সেলস বিভাগের প্রধান মাহতাবুল আমিন, বিলিং ও আইটি সেকশনের প্রধান আনোয়ারুল ইসলাম এবং ওয়ানটেলের কারিগরি সহযোগী ইউটিস্টারকম’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেরি সলোওয়ে সম্মেলনে উপস্থিতি ছিলেন।
আসিফ রব্বানী সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ সদর এলাকায় তাদের নেটওয়ার্ক কাভারেজ রয়েছে। রাজশাহী বিভাগের বাকি ১১ জেলাকে এ বছর ডিসেম্বর নাগাদ নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে প্রথম পর্যায়ে ১০ হাজার এবং আগামী বছরের জুলাই নাগাদ আরও ৫০ হাজার সংযোগ প্রদান করা হবে।
আগামী বছরের শেষ নাগাদ রাজশাহী বিভাগের সকল উপজেলা ওয়ানটেল কাভারেজের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ওয়্যারলেস ল্যাণ্ডফোন ভিত্তিক এ কোম্পানিটি সাত থেকে আট হাজার টাকায় বিভিন্ন ধরনের হ্যাণ্ডসেটসহ সংযোগ প্রদান করবে।
