চলতি মাসে সরকার ভিজিএফ ও খোলাবাজারে সাড়ে ৪ লাখ মেট্রিক টন চাল বিতরণ করবে
পবিত্র রমজান মাসে চালের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখতে সরকার ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) ও খোলা বাজারে (ওএমএস) মোট সাড়ে চার লাখ মেট্রিক টন চাল বিতরণ করবে। চলতি মাসের শেষে এ বিতরণ কর্মসূচি শুরু হবে।
এ ব্যাপারে বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু বিডিনিউজকে জানান, ২৫ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য ভিজিএফ ও ওএমএস-এর মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে
খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ভিজিএফ’র আওতায় এক লাখ পাঁচ হাজার এবং খোলা বাজারে বিক্রির জন্য তিন লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
তবে চালের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এই কার্যক্রম ছাড়াও সরকার ১ অক্টোবরের থেকে দরিদ্র ও দুস্থদের মাঝে সাড়ে চার টাকা কেজি দরে ৪৫ হাজার মেট্রিক টন চাল বিক্রয়ের কর্মসূচি ঘোষণা করবে।
পবিত্র রমজান মাসে দুস্থদের সহায়তার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানান।
চালের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার সামরিক বাহিনীর ৪০ হাজার সদস্য মেতায়েন করার চিন্তাভাবনা করছে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জাহিদ হোসেন বলেন, ওএমএস কর্মসূচির জন্য সারা দেশে প্রায় ১২ হাজার ডিলার নিয়োগ দেওয়া হবে।
চালের মুল্য স্থিতিশীল রাখতে এর আগে সরকার ১৭ ফেব্রুয়ারি ওএমএস কর্মসূচি চালু করেছিল। কিন্তু তা ক্রেতাদের খুব বেশি উপকারে আসেনি।
ওই কর্মসূচির আওতায় সাড়ে ১৪ টাকা কেজি দরে চাল বিক্রয়ের জন্য প্রায় ১২ হাজার ৪০০ ডিলার নিয়োগ করা হয়েছিল। তবে প্রতি গ্রাহক দিনে পাঁচ কেজির বেশি চাল ক্রয় করতে পারতো না।
