২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা গ্যাসকূপ বিস্ফোরণের ক্ষতিপূরণ আদায়ে নাইকোর বিরুদ্ধে মামলা হচ্ছে

টেংরাটিলার গ্যাসকূপ বিস্ফোরণের ক্ষতিপূরণ আদায়ে নাইকোর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 04:58 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার আয়োজিত গোলটেবিল বৈঠকে সংগঠনের সভাপতি শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এ কথা জানান।

তিনি জানান, ড. কামাল হোসেন, ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট তানজিবুল ইসলাম নাইকোর বিরুদ্ধে মামলায় সহযোগিতা করবেন।

গোলটেবিল বৈঠকে ‘টেংরাটিলা বিপর্যয় তদন্তের জন্যে গঠিত কমিটির রিপোর্ট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম শামসুল আলম। বক্তব্য রাখেন পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এসকে আবদুল্লাহ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো, পিডিবির সাবেক চেয়ারম্যান নূরুউদ্দিন মাহমুদ কামাল, পেট্রেলিয়াম বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম, প্রকোশলী এনামুল হক এবং অর্থনীতিবিদ এমএম আকাশ ও আনু মুহাম্মদ।

অধ্যাপক তামিমের নেতৃত্বে প্রণীত বিস্ফোরণে ক্ষয়-ক্ষতি বিষয়ক সরকারি প্রতিবেদনের বিরোধিতা করে এসকে আব্দুল্লাহ বলেন, গ্যাসফিল্ডে আগুন থাকা অবস্থায় এক মাইলের মধ্যে কেউ পৌঁছাতে পারেনি। অথচ এর মধ্যে তদন্ত কমিটি কীভাবে তদন্ত করেছে, জাতি তা জানতে চায়।

তিনি প্রশ্ন রাখেন, সরকার কোন যন্ত্র বা পদ্ধতির মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ণয় করেছে।

নূরুউদ্দিন মাহমুদ কামাল বলেন, সরকার তদন্ত রিপোর্টের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে।

ড. বদরুল ইমাম বলেন, টেংরাটিলায় দুটি বিস্ফোরণে তিন বিলিয়ন কিউবিক ফিট গ্যাস ক্ষতি হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। অথচ একই ধরনের বিস্ফোরণে মাগুরছড়ায় ক্ষতি হয়েছিলো ২৪৫ বিলিয়ন কিউবিক ফিট গ্যাস। তিনি প্রশ্ন করেন, তাহলে টেংরাটিলার ক্ষতির পরিমাণ কীভাবে নির্ধারণ করা হলো?

এমএম আকাশ বলেন, চুক্তি সংক্রান্ত কর্মকাণ্ডে সংঘটিত অপরাধ ও অপরাধীদের চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরতে হবে।

আনু মুহাম্মদ বলেন, জ্বালানি মন্ত্রণালয় বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষায় কাজ করছে।

প্রবন্ধে জনগণের সামনে তদন্ত রিপোর্ট প্রকাশসহ নাইকোর সঙ্গে চুক্তি বাতিল এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি জানানো হয়।