২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার অবমূল্যায়নের ফলে রিকন্ডিশন গাড়ির দাম বেড়েছে

টাকার অবমূল্যায়ন ও শুল্ক বৃদ্ধির কারণে গত কয়েক মাসে রিকন্ডিশন গাড়ির দাম শতকরা প্রায় ২০ ভাগ বেড়েছে বলে আমাদনিকারকরা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাধারণ সম্পাদক শাহ মোশাররফ হোসেন বিডিনিউজকে বলেন, বর্তমান অর্থবছরে শতকরা ১০ ভাগ শুল্ক বৃদ্ধি এবং অব্যাহত টাকার অবমূল্যায়নের ফলে প্রতিটি রিকন্ডিশন গাড়ির মূল্য এক লাখ টাকার অধিক বৃদ্ধি পেয়েছে।

গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের মে-জুলাই মাসে রিকন্ডিশন গাড়ি বিক্রি শতকরা ২৫ ভাগেরও বেশি কমেছে বলে তারা দাবি করেন।

১৯৯০-৯১ সালে মার্কিন ডলারের বিনিময় মূল্য ছিল ৩৫ দশমিক ৭০ টাকা, যা বর্তমানে ৬৭ টাকায় দাঁড়িয়েছে।

মোশাররফ হোসেন বলেন, মার্কিন ডলারের বিনিময় মূল্য যখন ৬০ টাকা ছিল তখন টয়োটা করোলা এক্স ২০০১ মডেলের একটি গাড়ির দাম পড়ত নয় লাখ আট হাজার টাকা।

মার্কিন ডলারের বিনিময় মূল্য ৬৭ টাকা হওয়ায় বর্তমানে একই গাড়ির মূল্য দাঁড়িয়েছে ১০ লাখ ২৯ হাজার টাকা।

বারভিডার সভাপতি আব্দুল মান্নান চৌধুরী বলেন, ২০০৪-০৫ অর্থবছরে আমরা সাত হাজার রিকন্ডিশন গাড়ি আমদানি করেছিলাম। এর আগের বছরে তা ছিল প্রায় ১০ হাজার। কিন্তু এ বছরে এ সংখ্যা পাঁচ হাজারের বেশি হবে না বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।

আট নয় লাখ টাকার গাড়ির দাম সাড়ে দশ লাখে দাঁড়ানোর প্রভাব ভোক্তাদেরই ভোগ করতে হবে বলে আব্দুল মান্নান চৌধুরী জানান।

সম্প্রতি ডলারের বিপরীতে জাপানি ইয়েনের শক্তিশালী অবস্থান এবং রিকন্ডিশন গাড়ির বয়স ও সিসি’র ব্যাপারে সরকারি বিধিনিষেধের কারণে তারা আরও সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে বারভিডার সভাপতি চৌধুরী জানান।

বিক্রেতারা জানান, দেশে প্রায় ২৭০ টি রিকন্ডিশন গাড়ির শোরুম রয়েছে, যার মধ্যে ঢাকায় ১৫০ টি। বিক্রেতারা গত অর্থ বছরে প্রায় সাত হাজার রিকন্ডিশন গাড়ি বিক্রি করেছে।