২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরের মধ্যেই রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর শেয়ার বাজারে ছাড়া হবে : অর্থমন্ত্রী

বাজেট ঘাটতি কমাতে এবং শেয়ার বাজারের প্রবৃদ্ধি বাড়াতে সরকার পুঁজি বাজারে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার মাধ্যমে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার বিভিন্ন মন্ত্রণালয় এবং সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সাংবাদিককের বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে তেল ও গ্যাস কোম্পানিগুলোর শেয়ার বাজারে ছাড়া হবে।

তিনি বলেন, আগামী দু-তিন মাসের মধ্যেই রাষ্ট্রায়ত্ত অন্যান্য কোম্পানির শেয়ারও বাজারে ছাড়া হবে।

বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী চেয়ারম্যান মীর্জা আজিজুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো নিজেদের ক্ষমতা হারানোর ভয়ে তাদের শেয়ার বাজারে ছাড়তে চান না।

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো পুঁজি বাজার থেকে তাদের তহবিল সংগ্রহ করার পরিবর্তে ব্যাংক লোনের ওপর নির্ভরশীল। অন্যান্য দেশে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো বাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে ৮০ শতাংশ পুঁজি সংগ্রহ করে থাকে বলে তিনি সাংবাদিকদের জানান।

অর্থমন্ত্রী বলেন, এ প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের পুঁজি বাজার সচল ও বহুমুখী হয়ে উঠতে পারে। রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো পুনর্গঠনের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এবং জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে তেল ও গ্যাস কোম্পানিগুলোর শেয়ার বাজারে ছাড়া হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এ সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সরকারের এ প্রয়াসকে সমর্থন জানিয়ে তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল কোম্পানির অনুমোদিত পুঁজির পরিমাণ মাত্র ১০ কোটি টাকা, যা সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রায় তিন হাজার কোটিতে উন্নীত হবে।