আইন পাশের পাঁচমাস পর ধূমপানের বিজ্ঞাপন বন্ধ করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগ
আইন পাশের প্রায় পাঁচ মাসের মাথায় বোধদয় হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি)।
অবশেষে সিসিসি বিড়ি ও সিগারেটের বিজ্ঞাপন সম্বলিত সাইনবোর্ড, বিলবোর্ড ও নিয়ন সাইন সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে ।
গত ২৩ আগস্ট থেকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়ে সিসিসি বিড়ি ও সিগারেটের বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থার প্রতি সার্কুলার জারি করেছে।
গত ২৬ মার্চ থেকে জনসমাগমের স্থানে প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত পণ্যের যাবতীয় প্রচার নিষিদ্ধ। কিন্তু চট্টগ্রাম মহানগরীতে এই আইন কার্যকর হয়নি বললেই চলে। নিষিদ্ধ স্থানগুলোতে প্রকাশ্যে ধূমপান করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিড়ি ও সিগারেটের বিজ্ঞাপন সম্বলিত বিশাল বিশাল বিলবোর্ড চোখে পড়ে।
সিসিসি সূত্র জানিয়েছে ,অবৈধভাবে নগরীর অনেক স্থানে ব্যক্তি মালিকানাধীন দোকান , ভবন ও প্রতিষ্ঠানে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে।
চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ২নং গেইট , দামপাড়া , কদমতলী মোড়, বন্দর ভবনের সামনেসহ কমপক্ষে ১০ টি স্থানে সিগারেটের বিলবোর্ড রয়েছে। এছাড়াও অনেক দোকান ও যাত্রীছাউনিতেও দেখতে পাওয়া যায় তামাকজাত পণ্যের বিজ্ঞাপন।
সিসিসি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিড়ি ও সিগারেটের বিজ্ঞাপন সরিয়ে নেয়া না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলতি বছরের ১৩ মার্চ জাতীয় সংসদে পাশ হওয়া ধূমপান বিরোধী আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
