পটল ও কাঁচা মরিচের দাম গত একদিনে বেড়েছে দ্বিগুন
বৃষ্টি ও চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় শাক সবজির বাজারে দামের উর্ধ্বগতি রয়েছে। সবচেয়ে আতংকজনক হারে দাম বেড়েছে কাচামরিচ ও পটলের।
কাচামরিচ ও পটলের দাম বেড়েছে গত একদিনে প্রায় দ্বিগুন।
পাইকারী বাজারে শুক্রবারে কাঁচামরিচের দাম পাল্লা প্রতি বিক্রি হয়েছে ১১০ টাকা। বৃহস্পতিবার কাওরান বাজারে কাঁচামরিচের দাম কেজি প্রতি ১২ থেকে ১৪ টাকা বিক্রি হলেও শুক্রবার ছিলো ২২ টাকা। অন্যদিকে পটল কেজি প্রতি ৬ টাকা থাকলেও বৃহস্পতিবার ১১ টাকা।
কাওরান বাজারের খুচরা বিক্রেতা জালাল মিয়া বেলা ১২ টায় বিডিনিউজকে জানান, একটু আগে কাঁচামরিচ পাল্লা প্রতি কিনে আনা হয়েছে ১১০ টাকা দরে।
একই বাজারের পেঁয়াজ বিক্রেতা সাইফুল ইসলাম জানান, পেঁয়াজের দাম পাইকারী বাজারে মন প্রতি ৬০ টাকা বেড়েছে।
গত সপ্তাহে দেশব্যাপী ৪৮ ঘন্টা ধর্মঘটে খাবারের দোকান পাট বন্ধ ধাকার পর এ সপ্তাহে পুরোপরি চালু হয়েছে। ফলে শাক সবজির বাজারে চাহিদা রয়েছে। তবে বাজারে সরবরাহ কম।
ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শাক সবজি বাজারে সবকিছুরই দাম গত সপ্তাহের তুলনায় খানিকটা বেশি। আটা ও চালের দাম আগের সপ্তাহে বাড়লেও চলতি সপ্তাহে একই রকম রয়েছে।
মোহাম্মদপুর বাজারে মুদি দোকানদার শাহীন জানান, মশুরী ডালের দাম কমতির দিকে রয়েছে। যদিও জিরার দাম আরো বাড়ছে।
বাজারে হরলিক্স ও ডানোর দুধের দাম বেড়েছে। গত সপ্তাহে হরলিক্সের পাইকারি সরবরাহ বন্ধ থাকলেও চলতি সপ্তাহে নতুন করে সরবরাহ বেড়েছে। খুচরা বাজারে হরলিক্স দাম ৬২ টাকা (ছোট বয়াম) থেকে বেড়ে এ সপ্তাহে দাঁড়িয়েছে ৭৮ টাকা। এ সপ্তাহে ডানোর দুধের দাম প্রতি কেজি ২৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০৫ টাকা।
