চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল, তবে আটার দাম বাড়ছেই
ঢাকাসহ সারাদেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে প্রধান প্রধান খাদ্য দ্রব্যগুলোর দাম বেড়েই চলেছে। দাম বৃদ্ধির তালিকায় চালের সাথে যুক্ত হয়েছে আটাও।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে আটার দাম মণপ্রতি বেড়েছে ৭৫ থেকে ৮৫ টাকা। যার প্রভাবে খুচরা বাজারে আটার দাম বেড়েছে কেজিপ্রতি দু’টাকা। গত এক সপ্তাহে দুই কেজির আটার প্যাকেটের দাম দাঁড়িয়েছে ৪০ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৩৬ টাকা। তবে এক কেজির প্যাকেটে ৯৫০ গ্রাম আটা বিক্রি হচ্ছে ২৩ টাকা দরে।
কাওরান বাজারের পাইকারী বিক্রেতারা জানান, চালের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় আটার চাহিদা বাড়ছে। আন্তর্জাতিক বাজারেও গমের দাম বাড়ছেই। এ কারণে আটার দাম আগামীতে আরও বাড়তে পারে।
আটার দাম বাড়লেও এ সপ্তাহে পাইকারি বাজারে চালের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে খুচরা পর্যায়ে ঢাকার কিছু কিছু বাজারে চালের দাম কেজি প্রতি ৫০ পয়সা বেড়েছে।
কাঁচা তরিতরকারির দাম চলতি সপ্তাহে বেশ কিছুটা কমেছে। বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ায় এবং বাজারে আমদানি থাকায় এসবের দাম নামতে শুরু করেছে। তবে কতদিন এ কমতি ভাব থাকবে তা ব্যবসায়ীরাও বলতে পারছেন না। চলতি সপ্তাহের অন্য তরকারির দাম তেমন না বাড়লেও পটলের দাম আবারও কেজি প্রতি দু’টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকায়।
অন্যদিকে বুটের ডাল খুচরা পর্যায়ে কেজি প্রতি বেড়েছে প্রায় তিন-চার টাকা। গত সপ্তাহেও বুটের ডালের দাম ছিল ৩৫-৩৬ টাকা। তবে অন্যান্য ডালের দাম স্থিতিশীল রয়েছে।
মোহাম্মদপুরের মুদি দোকানী আলী হোসেন জানান, আটা ও বুটের ডাল ছাড়া বাকী বাজার স্থিতিশীল রয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায়, ছোট রসুনের দাম কেজি প্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে। শুক্রবারে ছোট রসুনের দাম কেজি প্রতি ৪০ টাকা। তবে আলুর দাম পাইকারী পর্যায় থেকে খুচরা বাজারে দামের ব্যবধান কমছে। বাজারে আলু বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে।
ব্রয়লার মুরগী, মাংস, ডিম ও মাছ বিশেষ করে ইলিশের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে মাছের খুচরা বাজারে উচ্চমূল্যের প্রভাব দেখা যায়।
