মজিদ ইস্যুতে প্রিমিয়ার ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের কারণ দর্শাও নোটিশ
ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুল মজিদ বরখাস্ত হওয়ার পরও কেন ব্যাংকের বিভিন্ন বিষয়ে জড়িত ছিলেন তার ব্যাখ্যা চেয়ে বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এবং অন্যান্য পরিচালকের কাছে কারণ দশাও নোটিশ পাঠিয়েছে।
সরকারি সূত্র এ কথা জানিয়েছে।
সূত্র জানায়, বিষয়টি ব্যাখ্যার জন্য বাংলাদেশ ব্যাংক তাদেরকে তিনদিনের সময় দিয়েছে। এছাড়াও অপসারণের পরও কেন মজিদকে ছয় মাসের বেতন এবং গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়েছে তারও ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা বিডিনিউজকে জানান, বরখাস্তের পরও ব্যাংকের বিভিন্ন ব্যাপারে মজিদ জড়িত ছিল বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে। এছাড়াও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অপসারণের পরও তাকে বেশ কিছু অবৈধ সুবিধা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল ১৮ মে বনানীতে ব্যাংকের সদর দপ্তরে ব্যাংকের একটি ঋণ প্রস্তাব নিয়ে কাজ করার সময় হাতেনাতে ধরে ফেলে। মজিদ যে বরখাস্তের পরও কাজে জড়িত ছিল তার প্রমাণ হিসেবে পরিদর্শক দল ওই ফাইল জব্দ করে।
এর আগে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচবিএম ইকবাল বাংলাদেশ ব্যাংক কর্তৃক অপসারণের পর ব্যাংকের কার্যক্রমে মজিদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল তাকে রয়েল ইউনিভার্সিটির বোর্ড রুমে কর্মরত অবস্থায় দেখতে পায়। আব্দুল মজিদ ওই বিশ্ববিদ্যালযের উপদেষ্টা এবং সিণ্ডিকেট সদস্য।
বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ২৮ এপ্রিল আব্দুল মজিদকে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বরখাস্ত করে।
