তিন চার দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ চূড়ান্ত করা হবে: সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন যে আগামী তিন চার দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনের (এসিসি) কর্মকর্তা-কর্মচারি নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে।
কমিশনে নিয়োগ নিয়ে ভুলবোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, এ কথা স্বীকার করে মন্ত্রী বলেন, কমিশনে নতুন লোক নিয়োগ দেওয়া হবে।
গত বছরের ২১ নভেম্বর কমিশন গঠিত হওয়ার পর চলতি বছর এপ্রিলের ২০ তারিখে কমিশন পরিচালনার জন্য ১,৩৬৯ জন কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দেওয়া হয়েছিল।
মন্ত্রী জানান, কমিশন তাদের কার্যক্রম পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের কাছে যোগ্য লোকবল চেয়ে চিঠি পাঠিয়েছিল। সে অনুযায়ী বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারিকে কমিশনে পাঠানো হয়েছে এবং যাচাই বাছাইয়ের পর তাদেরকে কমিশনে নিয়োগ দেয়া হবে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং বিশ্বব্যাংক ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের মতো শীর্ষস্থানীয় সংস্থা সরকারের কাছে অব্যাহতভাবে কমিশন কার্যকর করার জন্য তাগিদ দিয়ে যাচ্ছে।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল্ল সি প্যাটেল বলেন, দুর্নীতি দমণ কমিশনের কার্যক্রম শুরু হতে দেরি হওয়ায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এখন থেকে কমিশনের দুর্নীতির কেস হাতে নেওয়া উচিত।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার বলেন, আমরা চেষ্টা করছি।এটা একটি নতুন প্রতিষ্ঠান এবং কার্যকর হতে াকছুটা সময় লাগবে।
মন্ত্রী আরও বলেন, যেহেতু কমিশন সম্পূর্ণ স্বাধীন তাই কমিশন সঠিকভাবে পরিচালনা করতে কত কর্মকর্তা কর্মচারির প্রয়োজন তা কমিশনকেই নির্ধারণ করতে হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী এসিসি কমিশন ২০টি জেলায় নাকি ৬০টি জেলায় অফিস প্রতিষ্ঠা করবে তা সম্পূর্ণ এসিসি’র ওপরেই নির্ভর করে।
প্রস্তাবিত কাঠামো অনুয়ায়ী এসিসি’র একজন চেয়ারমান এবং দুইজন কমিশনার থাকবেন।
এছাড়াও কমিশন পরিচালনার জন্য অতিরিক্ত সচিবের মর্যাদায় পাঁচ নির্বাহী পরিচালক, এবং ছয়জন পরিচালক থাকবে। পাশাপাশি ১৪ জন যুগ্ম পরিচালক, ২১ জন পিপি, ১০ জন সিনিয়র পিপি, ৩৯ জন উপ পরিচালক, ১১ জন সহকারি পরিচালক, ১৮৩ জন দ্বিতীয় শ্রেনীর কর্মচারি এবং ৯৪৫ জন তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারি থাকবে।
অন্যদিকে কমিশনের ছয়টি বিভাগীয় কার্যালয় থাকবে। যার প্রধান হিসেবে থাকবেন যুগ্ম পরিচালক এভং ১৯ জন আঞ্চলিক অফিস থাকবে। আঞ্চলিক অফিসের প্রধান থাকবনে একজন উপ পরিচালক।
গঠনের পর থেকেই এসিসি বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জন্য সংবাদপত্রের শিরোনাম হয়েছে এবং আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কার্যকর ভাবে কমিশনের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয়েছে।
