২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অকটেনের দাম আরও ১০ টাকা বাড়ানো উচিত: জ্বালানি উপদেষ্টা

অকটেনের দাম আরও ১০ টাকা বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বুধবার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি অকটেন ও পেট্রোলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ ডিজেল ও কেরোসিন ব্যবহার করে। ডিজেল ও কেরোসিনের মূল্য আগে কয়েক দফায় বাড়ানো হয়েছে, কিন্তু বড় লোকদের ব্যবহৃত অকটেনের দাম আড়াই বছরেও বাড়েনি। তাই এবার এগুলোর দাম বাড়ানো হয়েছে।

সরকার মঙ্গলবার পেট্রোলের দাম ১ টাকা বাড়িয়ে ৩৬ এবং অকটেনের মূল্য ৩ টাকা বৃদ্ধি করে ৩৮ টাকায় পুন:নির্ধারণ করে।

ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্ন ও মতামতের উত্তরে তিনি বলেন, সরকার ভর্তুকি দিয়ে ক্রুড অয়েল এবং  ডিজেল ও কেরোসিন আমদানি করে সাধারণ মানুষের জন্য সরবরাহ করছে। অথচ দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে এসব ডিজেল ও কেরোসিনের ব্যবহার বেশি। বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।

ডিজেল ও কেরোসিন চোরাচালান হচ্ছে কিনা সে কথা সরাসরি না উল্লেখ করে তিনি বলেন, কোনো অনিয়মের সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।