ইউডি’র মাধ্যমে খোলা বাজারে আমদানিকৃত কাপড় বিক্রির অভিযোগ সঠিক নয়-বিজিএমইএ
ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) ব্যবস্থার মাধ্যমে আমদানিকৃত কাপড় খোলা বাজারে বিক্রির যে অভিযোগ বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোশিয়েশনের (বিটিএমএ) পক্ষ থেকে আনা হয়েছে তা ‘সঠিক নয়’।
বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার সমিতির সভাপতি আনিসুল হক এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ১৯৯৪ সাল থেকে ইউডি জারির যে দায়িত্ব দেয়া হয়েছে তা বিজিএমইএ কাস্টমসের তদারকিতে সুষ্ঠুভাবে পালন করে আসছে। প্রতিবছর কাস্টমস বন্ড কমিশনার সকল ইস্যুকৃত ইউডি অডিট করে থাকেন।
বিটিএমএ সভাপতিকে চ্যালেঞ্জ জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, যে কোন বিশেষজ্ঞ দিয়ে ইউডি জারির পুরো পদ্ধতিটি খতিয়ে দেখতে পারেন।
ইউডি অপব্যবহার সম্পর্কিত এক প্রশ্নে তিনি বলেন, ইউডি অপব্যবহার সম্পর্কিত কোন পরিসংখ্যান বিজিএমইএ’র কাছে নেই।
তিনি জানান, দীর্ঘ সময় অতিবাহিত করে রপ্তানিযোগ্য ওভেন ফেব্রিক্সের ২০ শতাংশ স্থানীয় শিল্পখাত সরবরাহ করতে পারছে। বন্ড সুবিধা না দিলে তৈরি পোশাক শিল্পখাতের বিকাশ বর্তমান পর্যায়ে আসা সম্ভব হতো না।
খোলা বাজার থেকে ক্রয়কৃত সুতায় তৈরি পোশাক রপ্তানিতে জিএসপি দেয়ার দাবী জানান আনিসুল হক। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের এব্যাপারে কোন আপত্তি নেই।
তিনি জানান, স্থানীয় বস্ত্রের দাম আমদানিকৃত বস্ত্রের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ বেশি।
টেরিটাওয়াল এসোসিয়েশনের সহ-সভাপতি বদরুল আহসান বলেন, এ খাতের সঙ্গে জড়িত সকল সমিতির আন্তরিক সহযোগিতা প্রয়োজন, কিন্তু বিটিএমএ সভাপতি সে পথে বিভক্তি ত্বরান্বিত করছেন।
বিজিএমএ’র নির্বাচিত সভাপতি টিপু মুন্সী বলেন, সেন্টাল বন্ডেড ওয়্যার হাউজ (সিবিডাব্লিউ) স্থাপনের বিরোধিতায় বিটিএমএ সফল হয়ে এবার বন্ডেড হাউজ সুবিধা বাতিল করার চেষ্টা করছেন।
বিজিএমইএ’র অপর নির্বাচিত সভাপতি ফজলুল হক বলেন, মিলগুলো যে ২০ শতাংশ অতিরিক্ত সুতার সুবিধা পেয়ে থাকে তা বাতিল করা প্রয়োজন।
