বাজার দর নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাকসো
বাজার দর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ কনজ্যুমার্স সোসাইটি (বাকসো)।
রোববার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোসাইটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী মূল্যবৃদ্ধির কথা অস্বীকার করলেও টিসিবির প্রতিবেদনে বাজার দর বৃদ্ধির কথা বলা হয়েছে। টিসিবি সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। তবে সত্য কে বলছে, বাণিজ্য মন্ত্রী নাকি টিসিবি?
টিসিবির দেওয়া প্রতিবেদনের উল্লেখ করে বাকসো সভাপতি বলেন, গত এক মাসে ঢাকার বাজারে প্রতিটি জিনিসের দাম বেড়েছে। সরু চালে চার দশমিক ৪৪ শতাংশ, মাঝারি চালে পাঁচ দশমিক ২৬ শতাংশ এবং মোটা চালে চার দশমিক ৫৪ শতাংশ দাম বেড়েছে।
তিনি বলেন, প্রতিবেদনে আরও বলা হয়, মসুর ডাল, আলু, পেঁয়াজ, ও রসুনের দাম বেড়েছে যথাক্রমে ৭ দশমিক ৭৭, ১১ দশমিক ৭৬, ২৫ এবং ৭ দশমিক ৭৭ শতাংশ হারে। রুই ও ইলিশ মাছের দাম বেড়েছে ৮ দশমিক ৩৩ এবং ১৫ দশমিক ১৫ শতাংশ হারে। গুড়ো দুধ ডিপ্লোমার দাম বেড়েছে ৭৭ শতাংশ। ওই প্রতিবেদনে মাংস, আটা, চিনি ও লবনের দাম বৃদ্ধির কথাও বলা হয়েছে।
কাজী আকরাম বলেন, গত বন্যার মৌসুমে চাল, ডাল, তেল, লবন, মসলা, আটা, চিনি, ডিম, মাছ, মাংস ও তরিতরকারিসহ সব কিছুর দাম বেড়েছে। পরে বাম্পার ফলনের কারণে মানুষের আশা ছিল, দাম হয়তো কমবে। কিন্তু দাম না কমে আরও বেড়েছে। ধানকাটার মৌসুমেও চালের দাম অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এখনও চালের দাম সর্বনিু ১৯ থেকে ২০ টাকার মধ্যে রয়েছে।
তিনি বলেন, বিগত সরকারের শেষ দিকে ডলারের বিনিময় মূল্য ছিল ৫২ টাকা, যা বর্তমানে দাঁড়িয়েছে ৬৬ টাকায়। সাড়ে তিন বছরে ডলারের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। অথচ এসময় পৃথিবীর বিভিন্ন দেশে ডলারের বিনিময় মূল্য অনেক কমেছে।
তিনি ক্রেতা ও ভোক্তাদের দুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাকসো’র সাত দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, রেশনিং পদ্ধতি প্রবর্তন, উৎপাদন ও পরিবহন ব্যয় কমিয়ে মূল্য স্থিতিশীল রাখা, পরিবহন চাঁদাবাজি বন্ধ, রমজানের আগেই শুল্কমুক্ত পণ্য আমদানির সুযোগ, ঢাকাসহ সারাদেশে কনজ্যুমার্স কোর্ট প্রতিষ্ঠা, টিসিবিকে কার্যকর করা এবং কনজুমার্স কাউন্সিল প্রতিষ্ঠা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি মুহম্মদ আনিসুল হক ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
