উদ্যোক্তা মহিলাদের মধ্যে ক্ষুদ্র, মাঝারি ও বড় ঋণ দিতে ব্যাংকগুলোকে সরকার নির্দেশ দিয়েছে : এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া জানিয়েছেন, উদ্যোক্তা মহিলাদের মধ্যে ক্ষুদ্র, মাঝারি ও বড় ধরণের ঋণ দিতে সরকার ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। মহিলাদের আত্মনিভর্রশীল হতে এ ঋণ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মহিলা কর্মকর্তা সমিতির মহাসম্মেলন-২০০৫ এর উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এ কথা জানান। এ সময় আরও বক্তব্য রাখেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সমিতির সভাপতি আধ্যাপিকা ডা.তাহমিনা হোসেন, সাধারন সম্পাদক ফিরোজা খানম, সহ-সভাপতি সামসুন নেছাসহ সমিতির অন্যান্য কর্মকর্তা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা থাকলেও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক তার শারীরিক অসুস্থতা এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান সরকারি কাজে দেশের বাইরে থাকায় আসতে পারেন নি। ।
অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী নারীদের অধিকার আদায়ের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করার আহ্বান জানিয়ে বলেন, দেশে নারী-পুরুষের বৈষম্য কমে এসেছে। নারীরা তাদের যোগ্যতা দিয়ে সরকারী- বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের প্রাপ্য কোঠার চেয়ে বেশি পদে কর্মরত রয়েছেন।
মন্ত্রী বলেন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমই বুঝেছিলেন মহিলাদের দিয়ে শুধু ঘরের কাজ নয়, সমাজে তাদের আত্মনির্ভশীল হয়ে দাড়াতে হবে। এ জন্য মেয়েদের চাকুরিতে উৎসাহ দিতে তিনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় চালু করেন।
অনুষ্ঠানে মহিলা কর্মকর্তা সমিতির পক্ষ থেকে প্রধান অতিথির কাছে কয়েক দফা দাবি উত্থাপন করা হলে এলজিআরডি মন্ত্রী সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।
মহিলা কর্মকর্তাদের তাদের সমিতির স্থায়ী ভবনের জন্য সরকারি পরিত্যক্ত একটি বাড়ি খোঁজতে তিনি পরামর্শ দেন। এছাড়াও সরকারিভাবে মহিলাদের কল্যানে আর্থিক সহায়তার আশ্বাস দেন ।
১৯৯৫ সালে মাংলাদেশ মহিলা কর্মকর্তা সমিতির কার্যক্রম শুরু হয়। বর্তমানে সরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের তিন হাজার মহিলা কর্মকর্তা এ সমিতির সদস্য।
