আইসিটি’র উন্নয়নে সফটওয়্যারের স্থানীয় চাহিদা সৃষ্টি করতে হবে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় উদ্যেক্তারা বিদেশী বাজারে স্থান করে নেয়ার পাশাপাশি স্থানীয়ভাবেও সফটওয়্যার ও কম্পিউটার সিস্টেমের চাহিদা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন।
২০০৬ সালের মধ্যে সফটওয়্যার খাত থেকে দুই বিলিয়ন রপ্তানির আয় অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হলেও চলতি বছর সফটওয়্যার খাত থেকে আয় হয়েছে মাত্র দুই মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। তারা বলেন, এ জন্য স্থানীয় বাজার শক্তিশালী করার ওপর জোর দিতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের অধীণে আয়োজিত তিনদিনব্যাপী আইসিটি সচেতনতা কর্মসূচিতে বক্তৃতাকালে তারা এ কথা বলেন।
জেলার জিন্দাবাজরে মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এণ্ড ইনফরমেশন সার্ভিস (বিএএসআইএস) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সিলেট চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রি’র সভাপতি ফারুক আহমেদ মেজবাহ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি এসএম ইকবাল।
এসএম ইকবাল বলেন, সফটওয়্যার উন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতা চিহিৃত করা এবং এ সকল সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করাই এই কর্মসুচির প্রধান উদ্দেশ্য।
আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান বলেন, ইনফরমেশন সুপার হাইওয়ের সঙ্গে সংযুক্তির জন্য অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের ফলে ইন্টারনেটের গতি অনেক বেড়ে যাবে। এর মাধ্যমে আইসিটি খাতে আরও উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।
কর্মসূচিতে বিভিন্ন সফটওয়্যার ও আইসিটি কোম্পানি তাদের পণ্য ও সেবা উপস্থাপন করবে। তিনদিনব্যাপী কর্মসূচি শেষ হবে জুলাইয়ের ১ তারিখে।
