মানি লন্ডারিং অ্যাক্টে শিগগিরই সংশোধণী আনা হবে
মানি লণ্ডারিং অ্যাক্টকে আরো শক্তিশালী করতে সরকার শিগগিরই দুটি সংশোধণী আনবে।
সোমবার নগরীর এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) নেতৃবৃন্দের সাথে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের এক বৈঠকে মন্ত্রী বলেন, দুর্বল বিচার প্রক্রিয়ার কারণে অপরাধীরা সহজেই আইনের জাল থেকে বেড়িয়ে আসতে পারে।
সাইফুর রহমান বলেন, মানি লন্ডারিং অ্যাক্টকে কিভাবে আরো সক্রিয় করা যায় সেব্যাপারে আমরা আইনজীবী ও বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। পরবর্তী এক মাসের মধ্যে এ আইনে কিছু পরিবর্তন আনা হবে বলে আমরা আশা করছি।
অর্থমন্ত্রীর সাথে অলোচনাকালে এমসিসিআই প্রতিনিধিরা বলেন, কালো টাকা সাদা করা শুধুই নীতি বিরুদ্ধ ও বৈষম্যমূলকই নয় এটা কালো টাকা সংগ্রহে অনেককে আকৃষ্ট করবে।
সাইফুর রহমান ইটালি ও বৃটেনের উদাহরণ টেনে বলেন, কালো টাকা প্রতিটি সমাজেই রয়েছে।
তিনি বলেন, আমি এটাকে ব্যাংকিং পদ্ধতির মধ্যে আনতে একটি নির্দিষ্ট সময়ের জন্য মঞ্জুর করেছি।
ব্যাংকের সুদের হার কমানোর ব্যাপারে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তিনি বিশেষভাবে এ সুদের হার শতকরা ১৪ ভাগ থেকে ৯-১০ ভাগ কমিয়েছিলেন।
অর্থমন্ত্রী এ ব্যাপারে ব্যাংকারদের সাথে কথা বলার জন্য এমসিসিআই প্রতিনিধিদের বলেন।
মন্ত্রী বিশ্বব্যাংকের সমালোচনা করে বলেন, এক সময় তারা সরকারকে ব্যাংক সুদের হার কমানোর জন্য বলেছে এবং আবার তারা এর হার বাড়ানোর কথা বলছে।
সরকার বাণিজ্য সম্প্রসারণের জন্য এল/সি মার্জিন তুলে নেয়াসহ প্রয়োজনীয় সহায়তা দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
এমসিসিআই সভাপতি কুতুবউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সম্প্রতি ব্যাংক সুদের হার বৃদ্ধি উৎপাদন খাতে ক্ষতিকারক প্রভাব ফেলবে যা এখনও উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করছে।
তিনি আরো বলেন, সুদের হার বৃদ্ধির ফলে বিশেষ করে ছোট ও মাঝারি মানের শিল্পকারখানা এবং সেবা খাত আক্রান্ত হবে।
এমসিসিআই প্রতিনিধিরা পোল্ট্রি ও ডেইরি ফার্মগুলোকে সম্প্রসারিত করতে কাচামালের কর ও শুল্কের ওপর ছাড় দেয়ায় অর্থমন্ত্রীকে অভিবাদন জানান। এছাড়াও তারা কিছু ডাই ও কেমিক্যালের ওপর কাস্টমস শুল্ক কমানোর জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান।
