২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে ১ কোটি ৬২ লাখ মার্কিন ডলার দেবে

ঢাকা-সিলেট সংযোগ সড়ক (ফিডার রোড) এবং স্বাস্থ্য ও জনসংখ্যা খাত প্রকল্পের বাস্তবায়নে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) বাংলাদেশকে ১ কোটি ৬২ লাখ মার্কিন ডলার প্রকল্প সহায়তা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান জানান, এর মধ্যে ঢাকা-সিলেট সংযোগ সড়কের জন্য ১ কোটি ৩০ লাখ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে ৩২ লাখ ডলার সরবরাহ করা হবে।

জুনের ২৩ থেকে ২৪ তারিখে মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিতব্য আইডিবি বোর্ড অব গভর্নরস-এর ৩০ তম বার্ষিক সভায় যোগ দিতে ঢাকা ত্যাগের পূর্বে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বাণিজ্যে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ আইডবি’র সঙ্গে দুটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর করবে।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত বাংলাদেশ আইডিবি’র কাছ থেকে ৩ হাজার ৩ শ’ ৯০ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। যার মধ্যে ৩৭ মিলয়ন অনুদান, ৪ শ’ ৫২ মিলিয়ন প্রকল্প সহায়তা এবং অবশিষ্ট ডলার বাণিজ্যে অর্থায়ন হিসেবে দেওয়া হয়েছে।

তিনি বলেন, পেট্রোলিয়ামের পাশাপাশি আইডিবি সাবমেরিন ক্যাবল প্রকল্পে বাংলাদেশকে ৬০ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।

আগামী বছর পাকিস্তানের জায়গায় বাংলাদেশ আইডিবি’র নির্বাহী পরিচালকের দায়িত্বভার গ্রহণ করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

পুত্রজায়া বৈঠকের কার্যসূচি সর্ম্পকে অর্থমন্ত্রী বলেন, বৈঠকে অর্থ উন্নয়ন প্রকল্প, বাণিজ্য অর্থায়ন এবং মুসলিম সম্প্রদায়ের জন্য শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পে অনুদান ও সহায়তা অপারেশনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

আইডিবি বোর্ড অব গভর্নরস-এর বার্ষিক সভায় ৫৫ টি সদস্য দেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, জাতীয় বিভিন্ন অর্থ প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক এবং অন্যান্য একই ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে অন্যতম প্রধান ইসলামী ফাইনান্সিয়াল গ্যাদারিং হিসেবে বিবেচনা করা হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাবি বৈঠকের উদ্বোধন করবেন। আইডিবি’র সভাপতি ড. আহমেদ মোহামেদ আলী বৈঠকে সভাপতিত্ব করবেন।

এ বছরের আইডিবি বৈঠকে একটি মজবুত ইসলামী অর্থ ব্যবস্থা চালু এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষেত্রে মুসলিম উম্মাহর ভিত আরও মজবুত করতে ১০ বছর ব্যাপী মাস্টার প্ল্যানের ব্যাপারে আলোচনা করা হবে।

বৈঠকে আন্ত-বাণিজ্য সমৃদ্ধির জন্য আইসিটি উন্নয়ন, ওপেন সোর্স সফটওয়্যার এবং উন্নয়ন সহযোগী জ্ঞান বিস্তারের ব্যাপারেও আলোচনা হবে।