জোট সরকার দুর্নীতি দমন কমিশনের নামে দুর্নীতি প্রটেকশন কমিশন গঠন করেছে: আবদুল জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এমপি বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থাকলে সাধারণ আয়ের মানুষ আরও গরীব হবে। কেননা প্রধানমন্ত্রী, তার পুত্র, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে জোটের সকল নেতা-কর্মীরা লুটপাটে ব্যস্ত আছে। তারা দুর্নীতি দমন কমিশনের নামে দুর্নীতি প্রটেকশন কমিশন গঠন করেছে।
তিনি আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের ঘরে শান্তি আনতে চাইলে এই সরকারকে বিদায় করতে হবে। আমাদের দেশের মোট ভোটারের অর্ধেকই নারী। নারীরা সংঘটিত হলে এই সরকারকে বিদায় করা সম্ভব।
তিনি সোমবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃব্যে এসব কথা বলেন।
মহিলা আওয়ামী লীগের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভানেত্রী নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ, সাধারণ সম্পাদিকা ফজিলাতুন নেসা ইন্দিরা, সহ-সভানেত্রী মিসেস আখতার জাহান, সদস্য শাহনাজ বেগম, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রায়হানুল হক, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মর্জিনা পারভীন প্রমূখ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল সম্মেলনে আরও বলেন, বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, দুর্নীতির যদি অনুসন্ধান করতে হয়, তাহলে একটি এজেন্ডা নিয়ে দুর্নীতি দমন কমিশনকে এগুতে হবে। আর তা হলো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার এতো বিশাল সম্পদ পেলো কোথায় তা তদন্ত করে দেখা। জিয়াউর রহমানের হত্যার পরে প্রচার করা হয়েছিল তিনি কিছুই রেখে যান নি, ভাঙ্গা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী আশরাফুন্নেসা বলেন, জোট সরকার ক্ষমতায় আসার পরে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে নারীরা। অথচ নারীরাই বেশি ভোট দিয়েছিল এই সরকারকে। তিনি নারীদের উদ্দেশে বলেন, এতো নির্যাতনের পরেও যদি জোট সরকারকে আবারও ভোট দেয়া হয় তবে তা হবে জাতির সাথে বেঈমানি করা।
মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্দিরা বলেন, গত সাড়ে ৩ বছরে সোনার দামও দ্বিগুন হয়েছে। যার কারণে দেশের অগণিত পরিবার মেয়ের বিয়েতে সোনার অলংকার দিতে পারছে না। অথচ এই রাজশাহীতেই বিএনপির একজন সাংসদ সোনার মুকুট পরে দাঁত বের করে হাসেন।
ত্রি-বার্ষিক এই সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করেই মর্জিনা পারভীনকে সভানেত্রী, নাসরিন আখতার মিতাকে সাধারণ সম্পাদক ও রানী সরকার, নাজমা বেগম, এডভোকেট পূর্ণিমা ভট্রাচার্য্যকে সহ-সভানেত্রী করে মহিলা আওয়ামী লীগের জেলা শাখার কমিটি নির্বাচন করা হয়।
