চীনের প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ১০ লাখ টি-শার্ট কিনবে
চীনের একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ১০ লাখ টি-শার্ট কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারারস এন্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিকেএমই)’র প্রেসিডেন্ট ফজলুল হক বলেন, আমরা আশা করছি, এক মাসের মধ্যেই চীনের ওই হাউসের সাথে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হবে।
৬ থেকে ১০ জুন পর্যন্ত অনুষ্ঠিত ‘কুনমিং আমদানী রপ্তানী দ্রব্য মেলা’য় বাংলাদেশের নিটওয়্যার প্রস্তুতকারকরা চীনের রিটেইল ক্রেতাসহ বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
হক আরও বলেন, এ মেলায় প্রায় ১০টি নিটওয়্যার রপ্তানীকারক প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠান চীনের ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
বিকেএমইএ’র প্রেসিডেন্ট বলেন, চীনের এ ধরনের প্রস্তাব নি:সন্দেহে দেশের নিটওয়্যার রপ্তানীকারকদের জন্য বড় ধরনের সাফল্য। এ ব্যাপারে অর্ডার হচ্ছে। শীঘ্রই চুড়ান্ত ব্যবস্থা গ্রহন করা হবে।
মেলায় অংশগ্রহনকারী বিকেএমইএ পরিচালক জিএম হায়দার আলী বিডিনিউজকে জানান, চীনের রিটেইল বিক্রেতারা মেলার প্রথম দিন থেকেই বাংলাদেশ স্টলে ব্যাপক ভিড় জমায়। মেলায় প্রদর্শিত সামগ্রী মেলার শুরুতেই বিক্রি করা যেতো।
তাদের ভিড় ক্রমাগত বেড়েই চলছিল। অবশেষে পুলিশের শরণাপন্ন হতে হয় ভিড় কমানোর জন্য।
বিকেএমইএ’র প্রেসিডেন্ট আরও বলেন, চীন স্বল্প খরচে উন্নতমানের দ্রব্যের দিকে ঝুঁকছে। এর ফলে বাংলাদেশে নিটওয়্যারের অগ্রযাত্রা সহজ হয়েছে।
চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে ৬ জুন শুরু হয় ১৩তম কুনমিং মেলা। দক্ষিন চীনের কুনমিংয়ের সাথে মায়ানমার, লাওস ও ভিয়েতনামের সীমান্ত রয়েছে। ১৯৯৩ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা।
পাঁচ দিনব্যাপী এ মেলায় বিশ্বের একশটির মতো প্রতিষ্ঠান অংশ নেয়। এদের মধ্যে রয়েছে প্রায় অর্ধযুগেরও অভিজ্ঞতাসম্পন্ন আসিয়ানভুক্ত দেশের বেশ কিছু প্রতিষ্ঠান ও ইউরোপীয় দেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো। বিকেএমইএ’র নেতৃত্বে বাংলাদেশ থেকে ১০টি নিটওয়্যার রপ্তানীকারক প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।
বিকেএমইএ চীনের প্রাদেশিক সরকার, চেম্বার অব কমার্স ও উচ্চ পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন।
