‘বজেটে সরকারের বাণিজ্য সক্ষমতা সংক্রান্ত প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেনি’
দেশের দীর্ঘমেয়াদী বাণিজ্য সক্ষমতার জন্য যা কিছু প্রয়োজন তা এই বজেটে প্রতিফলিত হয়নি। বাণিজ্য বিশেষজ্ঞ অধ্যাপক শিশির কুমার দেব ২০০৫-০৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তার প্রতিক্রিয়ায় একথা বলেন।
প্রস্তাবিত বাজেট বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলবে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈদেশিক বাণিজ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সক্ষমতা অর্জনে সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রমাণ রাখতে হবে।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক শিশির কুমার দেব বলেন, সরকারের এই পতিশ্রুতি নতুন বাজেটে প্রতিফলিত হয়নি।
তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত দশ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। দেশের অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে এ পরিবর্তনের প্রভাব পড়েছে।
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ পরিকল্পনায় বিশ্ববাণিজ্য সংস্থা নির্দেশনা দিয়ে যাচ্ছে। আমাদের কাছে এটি সুস্পষ্ট যে, আমাদেরকে সবার আগে বাণিজ্যিক ক্ষমতা অর্জন করতে হবে।
শিশির কুমার দেব বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে বেসরকারি উদ্যোক্তাদের সাথে এক হয়ে কাজ করতে হবে। কিন্তু সরকার এ ব্যাপারে এখনও যথাযথ পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং তাদের বাণিজ্যনীতির সাথে তাল মিলিয়ে চলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার ৫১৬টি নতুন প্রকল্পসহ মোট ১ হাজার ৪০০ প্রকল্প হাতে নিয়েছে যা মোটেও বাস্তবায়িত করা সম্ভব নয়। তিনি চলতি অর্থবছরে ১ হাজার ৭৮২ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়ার সমালোচনা করেন। গত বছর এ বরাদ্দ ছিল ৬৩৪ কোটি টাকা। তিনি বলেন, জনগণের অর্থ এভাবে অপচয় করা ঠিক নয়।
বাজেটের স্বচ্ছতা প্রশ্নে তিনি বলেন, একটি দেশের বাজেট হওয়া উচিত সুপরিকল্পিত এবং স্বচ্ছ। কিন্তু সরকারের চলতি বাজেটে এসব ব্যাপার দেখা যায়নি। তিনি এ বছর ৩৭ হাজার ৩১২ কোটি টাকার রাজস্ব আয়ের পরিকল্পনাকে বাস্তবতা বর্জিত বলে আখ্যা দেন।
প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও রাজনৈতিক বিবেচনাপ্রসূত বলে উল্লেখ করে তিনি বিশাল অপচয় এবং অর্থের অপব্যবহার সম্পর্কে সতর্ক করে দিয়ে গৃহীত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
রাজস্ব আদায় প্রসঙ্গে বর্তমান কর ব্যবস্থাকে জটিল বলে উল্লেখ করে অধ্যাপক দেব সরল কর ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানান।
সম্পদ সংগ্রহ এবং ব্যয়ের পরিমাণ নির্ধারণে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালীকরণের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ বাড়ানো যেতে পারে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। এটি দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
