২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগের সুবিধা তুলে দেওয়া হয়েছে

শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগের মাধ্যমে সাদা করার সুবিধা তুলে দেয়া হয়েছে। এ অর্থবছরের জুনে শেষ হলো কালো টাকা সাদা করার তিন বছরের সুবিধা। এ সুবিধার আওতায় আইপিওতে কালো টাকা বিনিয়োগ করলে সে অর্থ সাদা হওয়ার সুযোগ ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বাজেট বক্তৃতায় এ তথ্য প্রকাশ করা হয়।

অর্থমন্ত্রী অবশ্য শেয়ার বাজার উন্নয়নে বিভিন্ন সংস্থা বা কোম্পানির সরকারি শেয়ার ক্রমান্বয়ে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ বছর জানুয়ারিতে সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন সরকারি শেয়ার বাজারে ছাড়ার প্রস্তাব করে।

অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনায় আগামী দু’অর্থবছরের জন্যে তালিকাভুক্ত কোম্পানির আয়কর হার ৩৭ দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে। ফলে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভুত কোম্পানির মধ্যে আয়কর ব্যবধান হার বর্তমানে সাত দশমিক পাঁচ শতাংশ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পাবে।

ডিভিডেন্ড বিতরণ কর পরিশোধের বর্তমান বিধানের পরিবর্তে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড আয় করযোগ্য করে ডিভিডেন্ডের ওপর ১০ শতাংশ হারে উৎসে আয়কর আরোপের প্রস্তাব করা হয়। একই সঙ্গে অনুমোদিত সিকিউরিটিজ ও বন্ডের মুনাফার ওপর বিদ্যমান উৎসে কর কর্তনের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়।

স্টক এক্সচেঞ্জের সদস্যদের শেয়ার ক্রয় বিক্রয়ের মোট মূল্যের ওপর দশমিক শূণ্য ১৫ শতাংশ হারে উৎসে আয়কর কর্তনের প্রস্তাব করা হয়।

চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা (মিউচুয়াল ফাণ্ড ও ডিবেঞ্চারসহ) ২৫৬টি থেকে ২৭৪টিতে দাঁড়িয়েছে। এসময় সব সিকিউরিটিজের ইস্যুকৃত মূলধন ও ডিবেঞ্চারের পরিমাণ দাঁড়ায় ৬,২৮৯ কোটি টাকা, যা জুন ২০০৪ এর ৪,৯৫৩ কোটি টাকার চেয়ে ২৬ শতাংশ বেশি।

ডিএসইতে এ বছর বাজার মূলধনের পরিমাণ দাঁড়ায় ২৩,৫২৭ কোটি টাকা, যা জুন ২০০৪-এর তুলনায় চার দশমিক ছয় শতাংশ বেশি।