২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য চুক্তি স্বাক্ষর: বাংলাদেশে অটোমোবাইল ও পাট ক্ষেত্রে বিনিয়োগ করবে ইরান

ইরান-বাংলাদেশের মধ্যে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 01:47 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং ইরানের বাণিজ্য মন্ত্রী শরিয়াত মাদারি নিজ নিজ দেশের পক্ষে চুক্তি করেন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, মন্ত্রণালয়ের সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহাম্মদ এবং বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদুত মোহাম্মদ বেহেস্তি মোনতারিত উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে আলতাফ হোসেন চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে সিআইএসভুক্ত মুসলিম দেশ তথা এশিয়াসহ এই দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ঘটবে।

তিনি বলেন, ইরানের সঙ্গে আগেও আমাদের ব্যবসা বাণিজ্য ছিল। ইরান বাংলাদেশ থেকে চা ও পাট আমদানি করে। এই চুক্তির মাধ্যমে ইরানসহ, উজবেকিস্তান, কিরগিস্থান, তাজাকিস্তানসহ ওই অঞ্চলের দেশগুলোতে দেশীয় বাণিজ্যের সম্প্রসার ঘটবে।

তিনি বলেন, ইরান বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করবে। যৌথ ব্যবস্থপনায় দুই দেশের মধ্যে ব্যবসার প্রসার ঘটবে।

ইরানের বাণিজ্য মন্ত্রী শরিয়াত মাদারি সাংবাদিকদের বলেন, এই চুক্তি বাস্তবায়িত হলে ইরান বাংলাদেশে অটোমোবাইল ও পাট ক্ষেত্রে বিনিয়োগ করবে। আলোচনার মাধ্যমে বাংলাদেশ থেকে যে কোনো ধরণের পণ্য শুল্কমুক্তভাবে আমদানি করবে।