২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীরা দু' দেশের মধ্যে পরিবহন প্রটোকল স্বাক্ষরের আহবান জানিয়েছেন

চীন ও বাংলাদেশের মধ্যে সরসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে পরিবহন প্রটোকল স্বাক্ষরের দাবী করেছেন বাংলাদেশের প্রধান ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ঢাকায় সফররত চীনা ইউনান প্রদেশের দেহোং প্রিফেকচার ব্যবসায়ী প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 09:02 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

প্রস্তাবিত সড়কের মাধ্যমে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের সঙ্গে মায়ানমার হয়ে চট্টগ্রামের সংযোগ ঘটবে। ৯০০ কিলো মিটারের এ সংযোগ সড়কের মাধ্যমে চীন দু’বন্দর ব্যবহার সুবিধা পাবে।

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) ও দেহোং প্রিফেকচার এর মধ্যে আলোচনায় ব্যবসায়ী নেতৃবৃন্দ দুদেশের বাণিজ্য বাড়াতে সড়ক সংযোগের নির্মাণের পাশপাশি স্থল বন্দর স্থাপনের দাবী করেন। তারা বলেন, এ উদ্যোগে দু’দেশের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বাড়ার ব্যাপারে ভূমিকা রাখবে।

দেহোং প্রিফেকচার-এর প্রথম ভাইস প্রেসিডেন্ট ওয়াং চাওয়ের নেতৃত্ব প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দেহোং চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জো ওয়েনলং ও চীনা অ্যাম্বাসির দ্বিতীয় সেক্রেটারি ইয়াং সুকাই।

এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আবদুল আওয়াল মিন্টুর সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ এবং পরিচালক রউফ চৌধুরী।

আবদুল আওয়াল মিন্টু বলেন, বাংলাদেশ ও চীন সরকারের কাছে আমরা পরিবহন প্রটোকল স্বাক্ষরের দাবী জানাচ্ছি। কুনমিং বাংলাদেশ থেকে নিকটতম অবস্থানে রয়েছে।

ওয়াং চাও বলেন, এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে, দু দেশের মধ্যে কয়েক কোটি ডলার বাণিজ্য সম্প্রসারণ ঘটবে।

এদিকে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশফাকুর রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে চীনের সঙ্গে সড়ক নির্মান সম্পন্ন করার ব্যাপারে আলোচনা চলছে।