তথ্য প্রযুক্তি খাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ‘বেসিস’
শতকরা ৭৭ ভাগ রপ্তানি প্রবৃদ্ধি এবং তিন বিলিয়ন টাকার দেশীয় বাজার থাকা সত্ত্বেও সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের লক্ষ্যে সরকারের দেয়া প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের জন্য সরকার এখনও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি।
২০০২ এর তথ্য প্রযুক্তি বিষয়ক নীতিমালার সুপারিশে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে তথ্য প্রযুক্তি খাতে শতকরা দুই ভাগ বরাদ্ধের কথা রয়েছে। যার একাংশ ব্যয় হওয়ার কথা ছিল তথ্য ও সফটওয়্যার ক্রয় সংক্রান্ত কাজে।
বিদ্যমান এ নীতিমালার ওপর ভিত্তি করে শতকরা ৫৭ ভাগ প্রতিষ্ঠান সরকারকে ক্রেতা ধরে নিয়ে সেভাবেই নিজেদের প্রস্তুত করে। কিন্তু এ বিষয়ে সরকারের তেমন কোনও পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যাণ্ড ইনফরমেশন সার্ভিসেস’র (বেসিস) জরিপ অনুযায়ী, এই খাতে যে পরিমাণ অর্থ বরাদ্ধ দেয়ার ঘোষণা দেয়া হয় বাস্তবে তার খুব সামান্য দেয়া হয়েছে।
বেসিস’র সহসভাপতি নুরুল কবির বলেন, আমরা জাতীয় তথ্য প্রযুক্তি নীতিমালার সুপারিশসমূহ বাস্তবায়ন চাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য আজ পর্যন্ত কোনও বাজেটে এর প্রতিফলন হয়নি।
বেসিস’র জরিপ অনুযায়ী গার্মেন্টস ও ফার্মাসিউটিক্যাল উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানসমূহ এখন পর্যন্ত সফটওয়্যার সার্ভিসের বৃহৎ ক্রেতা। তবে এর কাছাকাছি রয়েছে আর্থিক প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন কোম্পানি ও সরকার।
নুরুল কবির বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্ধই পারে বিশ্ব বাজারে এই খাতকে দক্ষ প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে।
